বেগুনের বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারিতা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ১৯:১৮

বেগুনে আছে ম্যাঙ্গানিজ, যা শক্তিশালী হাড়ের জন্য অত্যাবশ্যকীয় খনিজ। ছবি: অ্যালায়েন্স ফর সায়েন্স

বেগুনে আছে ম্যাঙ্গানিজ, যা শক্তিশালী হাড়ের জন্য অত্যাবশ্যকীয় খনিজ। ছবি: অ্যালায়েন্স ফর সায়েন্স

  • 0

বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ প্রদাহ নিয়ন্ত্রণে খাদ্যতালিকা থেকে বেগুনকে বাদ রাখা সমর্থন করে না।

বাজারে প্রচলিত সবজিগুলোর একটি বেগুন। স্বাদের কারণে কারও কারও কাছে এটি বেশ পছন্দের। অ্যালার্জিজনিত সমস্যায় ভোগা অনেকে আবার সবজিটি এড়িয়ে যেতে চান।

প্রিয় ও অপ্রিয় এ সবজির বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা নিউজ।

প্রদাহ কমাতে পারে বেগুন

কেউ কেউ বেগুন, টমেটো, মরিচ কিংবা গোল আলুর মতো সবজিকে প্রদাহের জন্য দায়ী করেন। দাবিটি হলো বেগুনে থাকা অ্যালকালয়েড মানবদেহের জন্য বিষাক্ত, যা প্রদাহ বাড়ায়। এর ফলে আর্থ্রাইটিস, সোরিয়াসিস ও ইরিটেবল বাওয়েল সিনড্রোম-আইবিএসের মতো শারীরিক পরিস্থিতির অবনতি হয়। যদিও বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ প্রদাহ নিয়ন্ত্রণে খাদ্যতালিকা থেকে বেগুনকে বাদ রাখা সমর্থন করে না।

বড় পরিসরের কোনো গবেষণায় বেগুন খাওয়ার সঙ্গে প্রদাহজনিত স্বাস্থ্যগত সমস্যার যোগসূত্র দেখানো হয়নি। বাস্তবতা হলো বেগুনকে ধূসর বেগুনি রং দেওয়া অ্যান্থোসিয়ানিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট।

যেসব খাদ্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেগুলো প্রদাহ না বাড়িয়ে কমানোতে ভূমিকা রেখেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

রক্তে শর্করার স্তর স্থিতিশীল রাখতে সহায়ক

বেগুনের গ্লাইসেমিক ইনডেক্স-জিআই স্কোর কম। স্কেলে বেগুনে জিআইয়ের পরিমাণ ১৫ থেকে বিশের মধ্যে। জিআই স্কেলে পঞ্চান্নর কম স্কোর থাকা খাবারগুলো রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ায় না।

বেগুনে থাকা আঁশ গ্লুকোজের স্তরকে নিয়ন্ত্রণে রাখে। প্রতি কাপ কাটা বেগুনে দুই দশমিক চার গ্রাম আঁশ থাকে।

এ সবজিতে থাকা আঁশ রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমে সহায়তার পাশাপাশি ওজন কমানোতে সহায়ক হয়। উচ্চ আঁশযুক্ত খাবার দীর্ঘ সময় ধরে ক্ষুধার অনুভূতি থেকে দূরে থাকতে সহায়তা করে।

অনেক গবেষণায় বৃহত্তর ওজন হ্রাসের সঙ্গে আঁশসমৃদ্ধ খাবারের যোগসূত্র পাওয়া গেছে।

বেগুনে ক্যালোরির পরিমাণও খুব কম। প্রতি কাপ কুঁচি করা বেগুনে মাত্র ২০ ক্যালোরি রয়েছে।

হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী

বেগুনে আছে ম্যাঙ্গানিজ, যা শক্তিশালী হাড়ের জন্য অত্যাবশ্যকীয় খনিজ। প্রতি কাপ কুঁচি করা বেগুনে দশমিক ১৯ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে। একজন পুরুষের দৈনিক যে পরিমাণ ম্যাঙ্গানিজ দরকার, তার প্রায় ৮ শতাংশ এবং একজন নারীর জন্য প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের ১১ শতাংশ আছে কুঁচি করা এক কাপ বেগুনে।

ক্যালসিয়াম ও ভিটামিন ডির সঙ্গে মিলে ম্যাঙ্গানিজ স্বাস্থ্যকর হাড় গঠনে সহায়তা করে।

মেটাবোলিক সিনড্রোমের ঝুঁকি কমায়

স্থূলতা, কার্ডিওভাসকুলার রোগের ক্রমশ ঝুঁকি ও টাইপ-২ ডায়াবেটিসের মতো একগুচ্ছ শারীরিক পরিস্থিতির সমষ্টি হলো মেটাবোলিক সিনড্রোম। ফলের সঙ্গে বেগুনের মতো সবজিযুক্ত পুষ্টিকর খাবার মেটাবোলিক সিনড্রোম প্রতিরোধে সহায়তা করে।

রক্তচাপ কম রাখতে সহায়ক হওয়ার পাশাপাশি ডায়াবেটিসরোধী উপাদান ও ওজন হ্রাসে সহায়ক ভূমিকার জন্য মেটাবোলিক সিনড্রোম চিকিৎসায় বেগুনের ভূমিকার কথা উঠে এসেছে ২০২১ সালের এক গবেষণায়।