ব্যথানাশক ওষুধটি অনেকে খেলেও আছে মারাত্মক ঝুঁকি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০ ২০২৫, ২২:৪৪ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ২০:১২

ওষুধটি নিয়মিত সেবনে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি বলে জানায় গবেষণা। ছবি: এনডিটিভি

ওষুধটি নিয়মিত সেবনে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি বলে জানায় গবেষণা। ছবি: এনডিটিভি

  • 0

দীর্ঘদিন ধরে ট্রামাডল সেবন করছেন এমন ৫৮ বছর বয়সী সাড়ে ছয় হাজার ব্যক্তির ওপর ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর এ তথ্য প্রকাশ করা হয়।

বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যথানাশক বড়ি ট্রামাডল। অল্প সময়ের মধ্যে ব্যাথা প্রশমন করে বলে এ ওষুধ সেবন করেন অনেকে। বিভিন্ন দেশে এর মিলিয়ন মিলিয়ন ভোক্তা।

তাদের জন্য সতর্কবার্তা সাম্প্রতিক এক গবেষণা। এতে বলা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ব্যথা নিরাময়ে ট্রামাডল খাচ্ছেন, তাদের হৃদরোগের মারাত্মক ঝুঁকি রয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিএমজি এভিডেন্স-বেইজড মেডিসিনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যথা উপশমে ট্রামাডলের কার্যকারিতা চিকিৎসা বিজ্ঞানের হিসাবে খুব সীমিত। দীর্ঘদিন ধরে এ ওষুধ সেবন করলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক সময় এ ওষুধ সেবনে উপকারিতার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়ে দাঁড়ায়।

দীর্ঘদিন ধরে ট্রামাডল সেবন করছেন এমন ৫৮ বছর বয়সী সাড়ে ছয় হাজার ব্যক্তির ওপর ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর এ তথ্য প্রকাশ করা হয়।

গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকে ফাইব্রোমায়ালজিয়া, অস্টিওআর্থ্রাইটিস, কোমর ও মাথাব্যথার মতো রোগে দুই থেকে ১৬ সপ্তাহ ধরে ট্রামাডল সেবন করছিলেন।

গবেষকরা আরও জানান, পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের অন্যদের তুলনায় করোনারি ধমনি সংক্রমণ, বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি।