ইনস্টাগ্রামের বিউটি ট্রেন্ডে বরাবরই একই রকম জনপ্রিয় জেল নেইল পলিশ।
সামাজিক এ যোগাযোগমাধ্যমে সেলিব্রেটি থেকে সাধারণ লোকজন নিজেদের সৌন্দর্য প্রকাশে বেছে নেন জেল নেইল পলিশে আঁকা বৈচিত্র্যময় নকশা, উজ্জ্বল রং আর স্বচ্ছতা।
নখের দীর্ঘস্থায়ী সৌন্দর্য ধরে রাখতেও এ নেইল পলিশের জুড়ি নেই, তবে যারা ইনস্টাগ্রামে জেল নেইল পলিশের সাহায্যে নেইল আর্টের নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাদের আছে ভয়ের কারণ।
নখে প্রায়ই জেলযুক্ত নেইল পলিশ ব্যবহার করলে হতে পারে ক্যানসার কিংবা বন্ধ্যত্বের মতো জটিল রোগ।
এ বিষয়ে নয়াদিল্লির আইস্যা অ্যাস্থেটিকসের প্রতিষ্ঠাতা ডক্টর কিরণ শেঠী জানান, দীর্ঘমেয়াদি চকচকে ভাব দেখাতে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, সেটি এড়িয়ে চলতেই এই নেইল পলিশ সাজসজ্জার তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন। বিশেষ করে এতে থাকা রাসায়নিক ট্রাইমেথাইলবেনজয়েল ডিফেনাইলফসফিন অক্সাইড-টিওপি নারীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ডক্টর শেঠী তার এক ইনস্টাগ্রাম বার্তায় বলেন, ‘নেইল পলিশে ব্যবহৃত রাসায়নিক পদার্থ টিওপির সঙ্গে প্রজননক্ষমতাবিরোধী সিএমআর ১ বি পদার্থের মিল খুঁজে পেয়েছেন ইউরোপীয় গবেষকরা।’
তিনি আরও লিখেন, ‘আমরা স্বাস্থ্য এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক সাজের সামগ্রী বেছে নেওয়ার চেষ্টা করি।’’
শেঠীর বরাতে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিপিওতে ক্যানসার, বন্ধ্যত্ব এবং দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারার মতো উপাদান খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।
যদিও জেল নেইল পলিশ থেকে ক্যানসার হওয়ার শঙ্কা ঠিক কী পরিমাণ, তা নিয়ে গবেষণা চলমান। এরই মধ্যে টিপিওভুক্ত পণ্য হিসেবে এটি বাতিল করেছেন ইউরোপীয়রা।