


প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ৭:১৪

অতীতে ঐ ব্যক্তির কোনো মনোরোগ বা শারীরিক সমস্যা ছিল না। ছবি: এনডিটিভি
চ্যাটজিপিটির ডায়েট পরামর্শ অনুসরণ করতে গিয়ে হাসপাতালে পৌঁছালেন ৬০ বছরের এক বৃদ্ধ। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, এআই চ্যাটবটকে তার খাদ্যাভ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড (লবণ) কীভাবে বাদ দেবেন তা জিজ্ঞাসা করার পর গুরুতর মানসিক রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ঐ বৃদ্ধ।
চিকিৎসকরা জানান, অতীতে ঐ ব্যক্তির কোনো মনোরোগ বা শারীরিক সমস্যা ছিল না। তবে হাসপাতালে ভর্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে তার প্যারানয়া, শ্রবণ ও দৃষ্টি হ্যালুসিনেশন বৃদ্ধি পায়। তিনি তীব্র তৃষ্ণা এবং চলাফেরায়ও সমস্যাও অনুভব করছিলেন।
সবকিছু শুরু হয় ওই ব্যক্তির টেবিল সল্ট বা সাধারণ লবণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার পর। তিনি এ বিষয়ে চ্যাটজিপিটির কাছে পরামর্শ নেন। যেখানে তাকে বলা হয় লবণের বদলে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করা যেতে পারে।
সোডিয়াম ব্রোমাইড দেখতে টেবিল সল্টের মতো হলেও এটি সম্পূর্ণ ভিন্ন পদার্থ। এটা কিছু ওষুধে ব্যবহার করা হয়, কিন্তু মূলত শিল্পকারখানা ও পরিষ্কারের কাজে বেশি ব্যবহৃত হয়।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, অতিরিক্ত সোডিয়াম ব্রোমাইড খেলে মস্তিষ্কের সমস্যা এবং ত্বকের সমস্যা হতে পারে।
লোকটির ঘটনাটি অ্যামেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস জার্নালে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কলেজে পুষ্টি বিষয়ে পড়াশোনা করা ওই ব্যক্তি একটি গবেষণা করছিলেন। যেখানে তিনি তার খাদ্যতালিকা থেকে সোডিয়াম ক্লোরাইড বাদ দেন এবং তার পরিবর্তে অনলাইনে কেনা সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করা শুরু করেন।
তিন মাস ধরে খাদ্যাভ্যাস পরিবর্তনের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসকদের জানান যে, তিনি একাধিক খাদ্যাভ্যাসের বিধিনিষেধ মেনে চলতে শুরু করেন।
জার্নালের প্রতিবেদনে বলা হয়, তিনি তৃষ্ণার্ত বোধ করতেন কিন্তু যখন তাকে পানি দেওয়া হতো তখন তিনি সন্দেহপ্রবণ হয়ে উঠতেন।
চিকিৎসকরা উল্লেখ করেছেন যে লোকটির পূর্বে কোনও মানসিক রোগের ইতিহাস ছিল না। তবে ২৪ ঘন্টা হাসপাতালে ভর্তি থাকার পর, তিনি ক্রমশ ভীত হয়ে পড়েন এবং শ্রবণ ও দৃষ্টি উভয় ধরণের হ্যালুসিনেশনে ভোগেন।
বৃদ্ধকে তরল, ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টিসাইকোটিকসের মাধ্যমে চিকিৎসা করা হয়। তাকে হাসপাতালের ইনপেশেন্ট সাইকিয়াট্রি ইউনিটেও রাখা হয়। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তাকে ছেড়ে দেওয়া হয়।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, চিকিৎসকরা সতর্ক করেছেন যে, চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই সিস্টেমগত ভুল তথ্য তৈরি করতে পারে এবং ভুল তথ্য ছড়াতে পারে।
বিশেষভাবে, চ্যাটজিপিটি তৈরিকারী প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবহার নীতিতে বলে, এই চ্যাটবটের উত্তর সবসময় সঠিক নাও হতে পারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমাদের পরিষেবা থেকে প্রাপ্ত তথ্যকে একমাত্র সত্য বা নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিশ্বাস করা উচিত নয়, এবং এটি পেশাদার পরামর্শের বিকল্পও নয়।’
