ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধ গ্রহণে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি জানিয়ে সতর্ক করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিশট্রেশন-এফডিএ।
সংস্থাটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, এ ধরনের ওষুধ ব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা আছে। ফলে ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওজেমপিক ওয়েগোভি, জেপবাউন্ড,মাউঞ্জারোসহ সব ধরনের জিএলপি-১ ওষুধের লেবেলে নতুন সতর্কবার্তা যুক্ত করা হবে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার সঙ্গে সম্পর্কিত চোখের সমস্যাটির নাম নন-আর্টেরিটিক অ্যান্টেরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি। এ সমস্যায় চোখের অপটিক নার্ভে রক্তপ্রবাহ কমে যায়, যার ফলে দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।
২০২৪ সালে প্রকাশিত একটি চিকিৎসাবিষয়ক গবেষণায় ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ সেমাগ্লুটাইডের সঙ্গে এ ধরনের চোখের সমস্যার সম্ভাব্য সম্পর্ক উঠে আসে। এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এফডিএ।
সংস্থাটির ১২৫টির বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অন্তত এক বছর জিএলপি-১ ওষুধ ব্যবহারকারীদের প্রতি এক লাখে প্রায় ছয়জনের এ সমস্যা দেখা গেছে।
অন্যদিকে প্লাসিবো বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের বিকল্প ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার প্রতি এক লাখে চারজনের কম।
এফডিএ জানিয়েছে, ঝাপসা দেখা, চোখের সামনে অন্ধকার বা ফাঁকা অংশ তৈরি হওয়া, রং দেখতে অসুবিধা এবং দৃষ্টিতে অন্যান্য পরিবর্তন এ সমস্যার লক্ষণ হতে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।