অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা জীবনযাপনের ফলে অনেকের দ্রুত বেড়ে যায় ওজন, কিন্তু একবার বেড়ে যাওয়া মেদ ঝরিয়ে স্লিম হতে অনেককে গলদঘর্ম হতে হয়। এ ক্ষেত্রে ব্যতিক্রম বলা যেতে পারে কেট ড্যানিয়েলকে।
স্বল্প সময়ে ৭০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন এ ফিটনেস ইনফ্লুয়েন্সার। সেটি কীভাবে সম্ভব হয়েছে, তা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
কেটের ফ্যাট টু ফিট হওয়ার যাত্রা তুলে ধরেছে এনডিটিভি।
ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাড়তি ওজন কমাতে কেট আশ্রয় নেন চিকিৎসাগত পদ্ধতি ব্যারিয়াট্রিক সার্জারির, তবে সার্জারির পর কিভাবে দীর্ঘমেয়াদে ওজন কম রাখবেন, সেটাই ছিল মূল চ্যালেঞ্জ। এতে উতরে গেছেন এ নারী।
বিশেষ সার্জারির পর অল্প সময়ের মধ্যেই ৭০ কেজি ওজন কমান কেট। তিনি নিজেও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে।
সম্প্রতি নিজের ওজন কমানোর রহস্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় প্রকাশ করেন কেট।
এ ফিটনেস ইনফ্লুয়েন্সারের জানান, ব্যারিয়াট্রিক সার্জারির পর তার কাছে ওজন কমানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় ছিল নিয়মিত হাঁটা।
তার মতে, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে হাঁটার অভ্যাস করলে সহজেই ক্যালোরি ক্ষয় হয়।
আবার কখনও হাতে ভর দিয়ে হাঁটার অভ্যাস ওজন কমাতে খুব ভালো কাজে দেয় বলে জানান কেট।
তিনি আরও বলেন, ওজন কমানোর জন্য যে কাজটি করবেন, সেটি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। নিয়মিত চর্চা করলে ওজন কমাতে সাধারণ এসব অভ্যাসই যথেষ্ট।
স্থূলতা কমানোর সার্জারি সম্পর্কে কেট বলেন, ব্যারিয়াট্রিক সার্জারি জাদুকরী সমাধান নয়; বরং সার্জারির পর নিয়মিত ওজন কমানোর চেষ্টা করলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়।
ভিডিওতে প্রকাশ করা সহজ ও সাধারণ পদ্ধতিগুলো যারা সার্জারি করেছেন, তাদের জন্য বেশি লাভজনক বলে জানান তিনি।