চশমা নয়, চোখের ড্রপ ব্যবহারেই ফিরবে হারানো দৃষ্টিশক্তি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬ ২০২৫, ৮:২৯

নতুন এই আই ড্রপস চোখের সমস্যার সহজ সমাধান দিতে পারে। ছবি: নিউজ এটলাস

নতুন এই আই ড্রপস চোখের সমস্যার সহজ সমাধান দিতে পারে। ছবি: নিউজ এটলাস

  • 0

বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধান হতে পারে দিনে দুইবার চোখের ড্রপ ব্যবহার করেই।

বিশ্বজুড়ে কোটি মানুষ প্রিজবিওপিয়া-তে ভুগছেন। অর্থাৎ তারা কাছে থাকা বস্তু বা লেখা স্পষ্টভাবে দেখতে পারে না। সাধারণত চশমা বা সার্জারি এই সমস্যার সমাধান করতে পারে, তবে অনেকের কাছে চশমা পরা অসুবিধাজনক এবং অপারেশন ঝুঁকিপূর্ণ কিংবা নাগালের বাইরে হয়ে থাকে।

নতুন এই আই ড্রপস সেই সমস্যার সহজ সমাধান দিতে পারে বলে আশা করছেন গবেষকরা।

চিকিৎসকরা এমন এক বিশেষ ড্রপ তৈরি করেছেন যা চোখে ঝাপসা দেখার সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য পড়ার চশমা বা সার্জারির বিকল্প হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধান হতে পারে দিনে দুইবার চোখের ড্রপ ব্যবহার করেই।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জনস (ইএসসিআরএস) এ কোপেনহেগেনে উপস্থাপিত একটি স্টাডিতে দেখা গেছে, ড্রপ ব্যবহার করার পর অধিকাংশ মানুষ চোখের জন্য নির্দিষ্ট পরীক্ষার চার্টে অতিরিক্ত লাইন পড়তে সক্ষম হয়েছেন। আশ্চর্যজনকভাবে, এই উন্নতি দুই বছর পর্যন্ত স্থায়ী ছিল।

এই ড্রপের ফলে হাজারো মানুষ তাদের দৈনন্দিন জীবনে পড়ার জন্য চশমার উপর নির্ভরতা কমাতে পারবে এবং যারা সার্জারির সুযোগ পায় না, তারাও সহজেই দূরদর্শিতার সমস্যা কাটাতে সক্ষম হবেন।

ড্রপগুলোতে আছে পিলোকারপাইন নামক একটি ওষুধ যা পিউপিল সংকুচিত করে এবং চোখের লেন্স নিয়ন্ত্রণকারী পেশিকে সংকোচন করে, ফলে চোখ দূর থেকে কাছের বস্তুতে ফোকাস করতে পারে। এছাড়া এতে আছে ডাইক্লোফেনাক নামক একটি নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ যা প্রদাহ কমাতে সাহায্য করে।

গবেষণায় আর্জেন্টিনার ৭৬৬ জন অংশগ্রহণ করেছেন, যারা ড্রপটি দিনে দুইবার ব্যবহার করেছেন। প্রথমে ঘুম থেকে উঠার পর এবং প্রায় ছয় ঘন্টা পরে।

তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়, যাতে প্রতিটি গ্রুপ বিভিন্ন ফর্মুলেশনের ড্রপ পান। গবেষণায় দেখা গেছে, ১ শতাংশ পিলোকারপাইন ড্রপ পাওয়া ১৪৮ জনের মধ্যে প্রায় সবাই চোখের পরীক্ষার চার্টে দুটি বা তার বেশি অতিরিক্ত লাইন পড়তে সক্ষম হয়েছেন। ২ শতাংশ পাওয়া গ্রুপে ২৪৮ জনের মধ্যে ৬৯ শতাংশ রোগী তিন বা তার বেশি অতিরিক্ত লাইন পড়তে সক্ষম হন, আর ৩ শতাংশের গ্রুপে ৩৭০ জনের মধ্যে ৮৪ শতাংশ রোগী তিন বা তার বেশি অতিরিক্ত লাইন পড়তে সক্ষম হয়েছেন।

বুয়েন্স আয়ার্সের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রিজবিওপিয়া-এর পরিচালক ডক্টর জিওভানা বেনোজ্জি বলেছেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো, তিনটি ঘনত্বেই কাছের দৃষ্টি দ্রুত ও স্থায়ীভাবে উন্নতি পেয়েছে। প্রথম ড্রপ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই রোগীদের গড় ৩ দশমিক ৪৫ জাগার লাইন উন্নতি লক্ষ্য করা গেছে।’

অবিশ্বাস্যভাবে, ১ শতাংশ পিলোকারপাইন ড্রপ পাওয়া ১৪৮ জন রোগীর ৯৯ শতাংশ কাছের দৃষ্টিশক্তি ঠিক হয়েছে এবং তারা চোখের পরীক্ষায় দুই বা তার বেশি অতিরিক্ত লাইন পড়তে পারছেন।

ডক্টর বেনোজ্জি বলেন, ‘এই থেরাপি প্রথাগত প্রিজবিওপিয়া ব্যবস্থাপনার তুলনায় নিরাপদ, কার্যকর এবং সহনীয় বিকল্প হিসেবে কাজ করবে।’

আই ড্রপের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে দেখা গেছে সাময়িক ঝাপসা দৃষ্টি, ড্রপ ব্যবহারের সময় চোখে জ্বালা এবং মাথাব্যথা।

বিশেষজ্ঞরা এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তবে এ বিষয়ে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।