


প্রকাশিত: অক্টোবর ১৪ ২০২৫, ৮:৫৪ হালনাগাদ: মে ১১ ২০২৬, ১:১৭

হাইওয়েতে আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি: ইয়াহু
ম্যাসাচুসেটসের ডার্টমাউথে রুট ১৯৫-এ সোমবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ নাগাদ একক ইঞ্জিনের বিমানটির অংশটি ঘাসের মাঝামাঝি স্থানে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ আশেপাশের জঙ্গলে পাওয়া গেছে।
ব্রিস্টল কাউন্টি জেলা অ্যাটর্নি থমাস কুইনের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন একজন নারী। বিধ্বস্ত বিমানের একটি অংশের আঘাতে তিনি আহত হন।
অ্যাটর্নি থমাস কুইন জানান, নিহতরা হলেন ৬৮ বছর বয়সী টমাস পারকিন্স এবং তার স্ত্রী ৬৬ বছর বয়সী আগাথা পারকিন্স। দুজনেই রোড আইল্যান্ডের মিডলটাউনের বাসিন্দা।
বিমানের মাঝামাঝি অংশে তাদের দেহ পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। সংস্থাটি জানিয়েছে যে সোকাটা টিবিএম -৭০০ বিমানটি নিউ বেডফোর্ড বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি উইসকনসিনের কেনোশা যাচ্ছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে বৃষ্টির মধ্যে হাইওয়েতে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। মাঝখানে একটি বিধ্বস্ত গাড়িও রয়েছে।
এক বিবৃতিতে, নিউ বেডফোর্ডের মেয়র জন মিচেল জানান, বিমানবন্দরের কর্মকর্তারা এনটিএসবি এর নেতৃত্বে তদন্তে সহায়তা করতে প্রস্তুত।
আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না তা এখনও স্পষ্ট নয়। কেননা রবিবার থেকে ম্যাসাচুসেটস জুড়ে নর'ইস্টার বয়ে যাচ্ছে, যার ফলে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বয়ে যাচ্ছে।
বিমান বিধস্তের কারণে হাইওয়ের উভয় পাশে কয়েক ঘণ্টা ধরে বন্ধ রাখা হয়। তবে সন্ধ্যার দিকে পূর্বমুখী লেন ছাড়া সমস্ত ভ্রমণ লেন যথাসময়ে পুনরায় খুলে দেওয়া হয়েছে।
