উটের মূত্র থেকে দুরারোগ্য রোগ ক্যান্সারের একটি প্রতিষেধক তৈরির অনুমোদন হয়েছে-সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিটি ভুয়া বলে জানিয়েছে সৌদি আরবের ফুড অ্যাণ্ড ড্রাগ কর্তৃপক্ষ (এসএফডিএ)।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, আলোচনায় থাকা খাদ্যপণ্যটি ক্যান্সারের কোনো প্রতিষেধক নয় বরং একটি সম্পূরক খাদ্য হিসেবে নিবন্ধিত। সামাজিক মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত দাবিটি সম্পূর্ণ ভুয়া।
কর্তৃপক্ষ আরও জানায়, নিবন্ধিত পণ্যটি শরীরে প্রতিদিন ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণের উপযোগী। এটি শুধু শরীরে পুষ্টির চাহিদা যোগাতেই সীমাবদ্ধ, এসএফডিএ ক্যান্সারের ওষুধ হিসেবে এটি ব্যবহারের অনুমোদন দেয়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে এসএফডিএর নিবন্ধিত একটি ক্যাপসুলকে উটের প্রস্রাবের উপাদান থেকে তৈরি এবং ক্যান্সারের ওষুধ হিসেবে দাবি করে পোস্ট ভাইরাল হয়। বাস্তবে, পুষ্টির সম্পূরক ওই ক্যাপসুলে উটের মূত্র থেকে নেওয়া কোনো উপাদান নেই।