


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১২:৫৬

ফাইবার জাতীয় খাবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকরী। ছবি: এনডিটিভি
শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে অনেকে চর্বি কমাতে ব্যস্ত হয়ে পড়েন। পুষ্টিবিদরা কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে চর্বিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন না। বরং সঠিক খাবার নির্বাচন এবং ডায়েটে কিছু পরিবর্তনই রোধ করতে পারে ক্ষতিকারক কোলেস্টেরল। এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণের সহজ কিছু উপায়।
হজম শক্তি বৃদ্ধি
হজমের সক্ষমতা শুধু পেট পরিষ্কারই রাখে না। পাশাপাশি কোলেস্টেরল বিপাকেও সাহায্য করে। বিশেষত, আঁশযুক্ত এবং প্রোবায়োটিক খাবার শরীরে জমা কোলেস্টেরল ভাঙতে সাহায্য করে।
লো গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) যুক্ত খাবার
লো জি আই যুক্ত খাবার বলতে বুঝায় যেসব খাবার খেলে শরীরে শর্করার পরিমাণ তেমন বৃদ্ধি পায় না। যেমন সবুজ শাকসবজি, ফল ও শস্য জাতীয় খাবার। এধরনের খাবার শরীরে শর্করার পরিমাণ ঠিক রেখে কোলেস্টেরল এর ঝুঁকি কমায়।
সবুজ চা পান
সবুজ চা তে থাকে ক্যাটেচিন নামক অ্যান্টি অক্সিডেন্ট। চা তে থাকা এই উপাদান খারাপ কোলেস্টেরল প্রতিরোধ করে এবং হৃদপিণ্ড সুস্থ রাখে।
খাবারের আগে স্ন্যাকস
কোলেস্টেরল নিয়ন্ত্রণে মূল খাবারের আগে হালকা স্বাস্থ্যকর স্ন্যাকস খাবার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে করে মূল খাবার খাওয়ার সময় ক্ষুধা কম থাকে। এভাবে খাবার ও কোলেস্টেরল দুটির পরিমাণই নিয়ন্ত্রণ করা যায়।
আমিষ জাতীয় খাবার হ্রাস
খাবার তালিকায় আমিষ জাতীয় খাবার কম রাখুন। বিশেষত লাল মাংস, প্রক্রিয়াজাত মাংসে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে। এজাতীয় আমিষ কম খেলে কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি অনেকটাই কমে যায়।
দ্রবণীয় ফাইবার নির্বাচন
খাদ্য তালিকায় প্রতিদিন দ্রবণীয় ফাইবার যুক্ত খাবার রাখুন। ফল, সবজি, ডাল, গম, বার্লি এজাতীয় দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
আদা ও রসুনের জাদু
প্রতিদিন সকালে বা ঘুমাতে যাওয়ার আগে অল্প একটু আদা কুচি কিংবা রসুনের কোয়া খান। আদা, রসুন এই দুই মসলারই রয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণের প্রাকৃতিক গুণাগুণ।
স্বাস্থ্যকর চর্বি নির্বাচন
চর্বি মানেই কোলেস্টেরল বৃদ্ধির কারণ নয়। বরং স্বাস্থ্যকর চর্বি হৃদযন্ত্র ভালো রাখে। ওমেগা ৩ যুক্ত ফ্যাট আছে এমোণ খাবার সামুদ্রিক মাছ, আখরোট,বাদাম, অ্যাভাকাডো কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারি।
বাদ দিন প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট
প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ব্রেড, পেস্ট্রি, মিষ্টান্ন শরীরে কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট করে। এসব খাবার পুরোপুরি বাদ দিতে পারলেই স্বাস্থ্যের জন্য ইতিবাচক।
