নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট তথা ট্রাই-স্টেইট এলাকা জুড়ে সোমবার ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের প্রভাবে লা গার্ডিয়া, জন এফ. কেনেডি ও নিউয়ার্ক বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার দিনের শুরুতে সারা দেশে প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল হয়।
পরে তুষারঝড়, বজ্রঝড় এবং টর্নেডোর আশঙ্কায় পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং বিমান চলাচল ব্যাহত হয়।
বোস্টন থেকে মিয়ামিগামী এক মা ও মেয়ের ফ্লাইট প্রথমে বিলম্ব ও পরে বাতিল হয়ে যায়।
পরে তারা ট্রেনে করে লা গার্ডিয়া বিমানবন্দরে গেলে সেখানেও ফ্লাইট বাতিল হয়ে যায়। এরপর নিউয়ার্কে গিয়ে আরও দুটি ফ্লাইট বাতিলের মুখে পড়েন তারা।
ক্যানাডা থেকে একটি বিয়েতে অংশ নিতে আসা সিনথিয়া জোসেফ জানান, তার ফেরার ফ্লাইটটি বাতিল হয়েছে। এখন কীভাবে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তায় আছেন।
এ পরিস্থিতির মধ্যে সরকারের চলমান আংশিক শাটডাউন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রায় ৬০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-টিএসএ কর্মী বেতন ছাড়াই কাজ করছেন।যার ফলে নিরাপত্তা তল্লাশি লাইনে দীর্ঘ অপেক্ষার আশঙ্কা দেখা দিয়েছে।
আটলান্টায় কর্মী সংকটের কারণে একটি নিরাপত্তা লাইন সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।
তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।