


প্রকাশিত: নভেম্বর ১০ ২০২৬, ১৫:০৭ হালনাগাদ: নভেম্বর ১০ ২০২৬, ১৬:৪৬
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি পরিবর্তন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য অ্যামেরিকান বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউযে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি হোয়াইট হাউযের ব্রিফিং রুমে গিয়ে আকস্মিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। আপাতত পরিস্থিতি আগের অবস্থায় রাখছে অ্যামেরিকা। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চান তিনি।
তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। ইরানিরা অ্যামেরিকান আলোচকদের সঙ্গে যথেষ্ট ভদ্র আচরণ করছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের আশপাশে মোতায়েন করা হাজারো সেনা প্রত্যাহারের কোনো ঘোষণা দেননি তিনি। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও অব্যাহত রয়েছে।
ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি পরিবর্তিত হলে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কাতারের উদ্যোগ
ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দুটি সরকারি সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত সপ্তাহে কাতারের কর্মকর্তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু প্রস্তাব উপস্থাপন করেছেন।
হোয়াইট হাউয এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ট্রাম্প এর আগে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলার কথা স্বীকার করেছেন।
অন্যদিকে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আগে ইরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ছাড়, যুদ্ধের ক্ষতিপূরণ এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানসহ পুরো অঞ্চলে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা।
সামরিক অভিযান পুনরায় শুরুর আশঙ্কা
যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও প্রয়োজন হলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে এবং একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হলে নতুন করে হামলা চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুব কম।
তবে সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য ৩৮টি সেতুসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে গত সপ্তাহে অন্তত দুই দফায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনায় সীমিত হামলা চালিয়েছে ইউএস মিলিটারি। শনিবার নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, ‘যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা প্রেসিডেন্ট নির্ধারণ করবেন। প্রয়োজনে সামরিক অভিযান বন্ধ করে ইরানের পারমাণবিক উপাদানের ওপর নজরদারি চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
এদিকে আট মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। যুদ্ধ পরিচালনা নিয়ে আমেরিকার অভ্যন্তরেও অসন্তোষ তৈরি হয়েছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।
