আটলান্টিক মহাসাগরে অবস্থান করা একটি অ্যামেরিকান প্রমোতরীতে নরোভাইরাসের সংক্রমণে ১০০জনেরও বেশি যাত্রী গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন।
সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি জানায়, ভাইরাস সংক্রমণের শিকার ওই জাহাজটির নাম ক্যারিবিয়ান প্রিন্সেস, যেখানে ৩হাজার১১৬ জন যাত্রী ও ১১৩১জন ক্রু সদস্য আছেন।
ইতোমধ্যে জাহাজে থাকা ১৩ জন ক্রু সদস্য ও ১০২ জন যাত্রী এখন ডায়রিয়া, বমিসহ নানাবিধ পেটের অসুখে ভুগছেন।
ক্রুজ ম্যাপার ডটকম জানিয়েছে, জাহাজটি এখন ডোমিনিকান রিপাবলিকের পুয়ের্তো প্লাটা শহরের পথে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ১১ মে এটির ফ্লোরিডার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।
ভাইরাস সংক্রমণের ফলে জাহাজ কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া জোরদার করেছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা দ্রুত জাহাজের প্রতিটি এলাকা জীবাণুমুক্ত করেছি এবং পুরো ভ্রমণজুড়ে অতিরিক্ত স্যানিটাইজিংয়ের ব্যবস্থা করেছি।’
জাহাজ ভ্রমণে সবচেয়ে বেশি সংক্রমিত ভাইরাসগুলোর মধ্যে সুপরিচিত নরোভাইরাস। সাধারণত আক্রান্ত ব্যক্তি কিংবা দূষিত খাবার থেকে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।
সিডিসির তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রমোদতরীতে এটি চতুর্থ নরোভাইরাস সংক্রমণের ঘটনা।