ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। সঙ্গে পাহাড়ি ঢলে কাদামাটি যোগ হওয়ায় পানির স্রোত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এ স্রোতে ভেসে গেছে পুরো একটি গ্রাম।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় উত্তর কাশির ধরলি গ্রামে হঠাৎ প্রবল স্রোতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ভয়ঙ্কর স্রোতের কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যস্ত বাজার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।গ্রামের ভবনগুলো মুহূর্তেই ভেঙে পড়ে। ভাসিয়ে নিয়ে যায় গ্রামের মানুষদের। আতঙ্কে মানুষকে ছুটোছুটি করতেও দেখা যায়।
কিছুক্ষণ আগে যা ছিল একটি ব্যস্ত গ্রাম কয়েক সেকেন্ডের ব্যবধানে সেটি পরিণত হয় ধ্বংসস্তূপে। স্রোটের টানে অবশেষে ধ্বংসস্তূপে মিশে যায় ভাগীরথী নদীর সাথে। ভূদৃশ্য সম্পূর্ণরূপে বদলে যায়।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও কর্মকর্তারা আশঙ্কা করছেন যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কেননা এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফের নেতৃত্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছী। উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গঙ্গোত্রী যাওয়ার পথে পাহাড়ি গ্রাম ধরালীতে মেঘ বিস্ফোরণের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। এ সময় তীব্র স্রোতের কারণে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ও ভেসে গেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাখন্ডের মাতলি এলাকায় অবস্থানরত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ১২তম ব্যাটালিয়নের ১৬ সদস্যের একটি দল ধরালী পৌঁছেছে। একই ব্যাটালিয়নের ইউনিটকে দ্রুত ওই এলাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের নদীর তীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।