খাদ্যপণ্যে সম্ভাব্য সালমোনেলা দূষণের কারণে দেশজুড়ে বিভিন্ন ধরনের স্ন্যাক জাতীয় খাদ্যপণ্য প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে টার্গেটের নিজস্ব ব্র্যান্ড গুড অ্যান্ড গ্যাদার-এর ট্রেইল মিক্সসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য।
টার্গেট মঙ্গলবার এক ঘোষণায় জানায়, তাদের গুড অ্যান্ড গ্যাদার মেক্সিকান স্ট্রিট ট্রেইল মিক্স (৮ আউন্স প্যাকেট) খাদ্যপণ্যটি প্রত্যাহার করা হয়েছে।
একই দিনে ইলিনয়ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জন বি. সানফিলিপ্পো অ্যান্ড সন জানায়, তাদের সরবরাহকৃত কয়েকটি স্ন্যাক পণ্য স্বেচ্ছায় প্রত্যাহার করা হচ্ছে।
প্রত্যাহার হওয়া বিভিন্ন খাদ্যপণ্যগুলো হলো- স্কুইরেল ব্র্যান্ড টাউন অ্যান্ড কান্ট্রি মিক্স (৭.৫ ও ১৬ আউন্স), স্কুইরেল ব্র্যান্ড ট্রাভেলার্স মিক্স (১৬ আউন্স), ফিশার টেক্স মেক্স ট্রেইল মিক্স (৩০ আউন্স), সাউদার্ন স্টাইল নাটস হান্টার মিক্স (৩০ আউন্স) এবং সাউদার্ন স্টাইল নাটস গুরমে হান্টার মিক্স (২৩ ও ৩৬ আউন্স)।
বিভিন্ন কোম্পানির দাবি, তৃতীয় পক্ষের সরবরাহকৃত একটি সিজনিং মিক্সে সালমোনেলার সম্ভাব্য উপস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিজনিং মিক্সটি ক্যালিফোর্নিয়া ডেয়ারিজ-এর তৈরি একটি শুকনো দুধের গুঁড়ো ব্যবহার করে তৈরি হয়েছিল, যা এর আগেও বিভিন্ন ব্র্যান্ডের খাদ্য প্রত্যাহারের কারণ হয়েছে।
তবে জন বি. সানফিলিপ্পো অ্যান্ড সন জানিয়েছে, সংশ্লিষ্ট সিজনিং ব্যবহারের আগে পরীক্ষায় সালমোনেলা পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পণ্যগুলো প্রত্যাহার করা হয়েছে।
সালমোনেলা সম্পর্কে তথ্য
এটি হলো একধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যা সংক্রমণ ঘটিয়ে অন্ত্রের রোগ সৃষ্টি করে। সাধারণত খাবারের মাধ্যমে এ ব্যকটেরিয়া শরীরে ছড়ায়।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়-সিডিসি জানায়, সালমোনেলা সংক্রমণে পেট ব্যাথা, জ্বর, মাথাব্যাথা, পানিযুক্ত ডায়রিয়া, বমি, খাবারে অনীহা- এজাতীয় লক্ষণ দেখা যায়।
সাধারণত সংক্রমণের ৬ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে উপসর্গ শুরু হয় । বেশিরভাগ ক্ষেত্রে ৪ থেকে ৭ দিনের মধ্যে অধিকাংশ মানুষ চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে।
তবে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতা দেখা যায়।