ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার মামলার আসামি উপজেলার দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। ওই সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল একটি মামলার আসামি ও দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান।
ওই সময় পুলিশের পিকআপ ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালানো হচ্ছে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।