গাযার প্রাথমিক পুনরুদ্ধার, অত্যাবশ্যক জনসেবা পুনরায় চালু করা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে জাপানের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে বোর্ড অব পিস।
শনিবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় বোর্ড অব পিস’র মহাপরিচালক ও উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের দপ্তর অফিস অব দ্য হাই রিপ্রেজেন্টেটিভ ফর গাযা (ওএইচআর) এবং ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাযা (এনসিএজি) এই চুক্তিতে সই করে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় অনুমোদিত গাযা সংঘাত অবসানের সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে এই কাঠামো তৈরি করা হয়েছে।
এনসিএজি প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারকটি গাযার পুনরুদ্ধার ও পুনর্গঠনে আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলা এবং জোরদার করার ক্ষেত্রে ‘বোর্ড অব পিস’-এর অঙ্গীকারের প্রতিফলন। ওএইচআর এবং এনসিএজির মাধ্যমে বোর্ড অব পিস নিশ্চিত করতে চাইছে যেন জাপানসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্যোগগুলো সমন্বিত পরিকল্পনার লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং এর কার্যকর বাস্তবায়নে ভূমিকা রাখে।
গাযা পুনর্গঠন সংক্রান্ত জাপান-এনসিএজি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের ধারাবাহিকতায় সই হওয়া এই সমঝোতা স্মারক বোর্ড অব পিসের নির্ধারিত কাঠামোর আওতায় গাযা পুনরুদ্ধার কর্মসূচিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার পথ তৈরি করেছে। এর মাধ্যমে জাপানের বিদ্যমান সহায়তার সাথে নতুন উদ্যোগগুলোর সমন্বয় সাধন করা হবে।
পাশাপাশি এই সমঝোতা স্মারকটি বিশেষজ্ঞ বিনিময়, কারিগরি সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশ, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বেসরকারি খাতের সাথে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গাযার পুনরুদ্ধার ও পুনর্গঠনে জাপানের অব্যাহত সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন গাযার হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলাই ম্লাদেনভ। বোর্ড অব পিসের কাঠামোর মধ্যে প্যালেস্টিনিয়ান নেতৃত্বাধীন পুনরুদ্ধার অগ্রাধিকারগুলোর সাথে আন্তর্জাতিক সহায়তা সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে সামঞ্জস্য, পরিপূরকতা ও আন্তর্জাতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। তার মতে, সমন্বিত পরিকল্পনাকে গাযার মানুষের জীবনে বাস্তব উন্নয়নে রূপ দিতে এনসিএজির জন্য সমন্বিত আন্তর্জাতিক সমর্থন অপরিহার্য।
অন্যদিকে, প্যালেস্টিনিয়ানদের প্রতি জাপান সরকারের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেছেন গাযা বিষয়ক স্বাধীন কমিটি এনসিএজি’র প্রধান ড. আলি শাথ। জাপানের বিশেষজ্ঞ জ্ঞান ও কারিগরি সহযোগিতায় জনগণের জরুরি চাহিদা পূরণ, অত্যাবশ্যক জনসেবা সচল করা এবং প্যালেস্টিনিয়ান প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করার প্রত্যাশা জানান তিনি।
তবে এতে জাপানের আর্থিক সহায়তার পরিমাণ উল্লেখ করা হয়নি।
গাযা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তেল আভিভের ক্রমাগত অসহযোগিতার সম্প্রতি ট্রাম্পের নেতৃত্বাধীন সংস্থাটি সম্প্রতি ইযরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছে। সামান্তরালভাবে গাযা পুনর্গঠনের তহবিল সংগ্রহে জোরালোভাবে মাঠে নেমেছে বোর্ড অব পিস।