রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে আমেরিকার মধ্যস্থতায় ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে শান্তি আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এ বৈঠক গত ফেব্রুয়ারির পর আমেরিকার মধ্যস্থততায় দুই দেশের মধ্যে প্রথম মুখোমুখি আলোচনা।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি বড় চুক্তি সম্ভব। এতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মধ্যস্থতা করছেন। বৈঠকের শুরুতে কুশনার বলেন, ‘সাম্প্রতিক যোগাযোগের মাধ্যমে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য চিহ্নিত করা এবং তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।’ শান্তি প্রতিষ্ঠায় বাড়তি প্রচেষ্টা চালাতে ট্রাম্প তাঁদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, ‘তাদের মূল লক্ষ্য নিরাপত্তার নিশ্চয়তা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।’ অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘দুই দেশের জনগণের স্বার্থে আলোচনায় অগ্রগতি চান তারা।’
ভূখণ্ড নিয়ে মতবিরোধ
তবে শান্তি চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ডের নিয়ন্ত্রণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ধরে রাখা ভূখণ্ড ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
রয়টার্সকে ওয়াশিংটনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড নিয়ে সমঝোতার বিষয়ে দুই পক্ষ ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) যোগদানের রোডম্যাপ থাকতে পারে।
তবে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভূখণ্ড ছাড়ার বিষয়ে সরকারের সম্মতির কথা অস্বীকার করেছেন। তার মতে, এ ধরনের বিষয় কেবল দুই দেশের শীর্ষ নেতাদের পর্যায়ে এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ভিত্তিতে আলোচনা করা যেতে পারে।
আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে মতবিরোধ
ইউরোপিয় দেশগুলোও আলোচনায় সরাসরি অংশ নেওয়ার দাবি জানিয়েছে। বৈঠকের আগে ইউক্রেনের প্রতিনিধিরা ইউরোপিয় ইউনিয়ন, ন্যাটো এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন।
তবে রাশিয়া জানিয়েছে, এ সপ্তাহে ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে তাদের সরাসরি আলোচনার পরিকল্পনা নেই। রুশ প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউরোপের জন্য একটি নতুন ও সমন্বিত নিরাপত্তা কাঠামো তৈরি করাই আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এদিকে যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত রয়েছে। রাশিয়া ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা জোরদার করেছে।