কংগ্রেসের পাঠানো যেকোনো তদন্ত নির্দেশ বা জিজ্ঞাসাবাদের বিষয়ে তাৎক্ষণিক হোয়াইট হাউসকে অবগত করতে ফেডারেল কন্ট্রাক্টরদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কংগ্রেসের কোনো প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশাসনের সঙ্গে সমন্বয় করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ নির্দেশনা দেন ট্রাম্প।
আদেশে বলা হয়েছে, ‘প্রশাসন যেসব যোগাযোগ বা তথ্যকে নির্বাহী বিভাগের বিশেষাধিকার (এক্সিকিউটিভ প্রিভিলেজ) দ্বারা সুরক্ষিত বলে মনে করবে, সেগুলো প্রকাশ না করার নির্দেশনাও মেনে চলতে হবে ফেডারেল কন্ট্রাক্টরদের। পাশাপাশি কংগ্রেসের অনুরোধের জবাব কীভাবে দেওয়া হবে, সে বিষয়েও হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।’
আরও বলা হয়েছে, 'নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ফেডারেল চুক্তি পাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো।
ব্লুমবার্গ গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় এক লাখ প্রতিষ্ঠান ফেডারেল সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ। এর বাইরে রয়েছে তাদের সাব কন্ট্রাক্টর প্রতিষ্ঠানগুলো।'
আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু হতে পারে—এমন আশঙ্কার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। ফেডারেল চুক্তি, বিশেষ করে পেন্টাগনের মাধ্যমে ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সরকারি অর্থ যাওয়ার বিষয়টি ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের অন্যতম লক্ষ্য।
এর আগে গত সোমবার হোয়াইট হাউসের কাউন্সেল উইল স্কার্ফ নির্বাহী বিভাগের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেন, কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াইট হাউসের স্পষ্ট অনুমতি নিতে হবে।
এদিকে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। হাউস অব রিপ্রেজেনটেটিভসের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, এটি কংগ্রেসের সাংবিধানিক তদারকি করার অধিকারের ওপর সরাসরি আঘাত।
হাউস অব রিপ্রেজেনটেটিভসের জাস্টিস ডিপার্টমেন্ট কমিটির ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন আদেশটিকে নজিরবিহীন ও স্পষ্টতই বেআইনি বলে মন্তব্য করেছেন। তর ভাষ্য, কংগ্রেস তথ্য চাইলে ফেডারেল কন্ট্রাক্টরদের সত্য কথা বলার অধিকার ও দায়িত্ব দুটোই রয়েছে।