সিনেটে নেতৃত্বের লড়াই
চাক শুমারের বিরুদ্ধে 'ভীতি ছড়ানোর' অভিযোগ ভ্যান হলেনের
- 0


প্রকাশিত: নভেম্বর ১৫ ২০২৬, ১৭:২৮ হালনাগাদ: নভেম্বর ১৫ ২০২৬, ১৮:০৬
আগামী জানুয়ারিতে আমেরিকার সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। আর এর আগেই সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা মেজরিটি লিডার হওয়ার দৌড়ে বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন। শুমারের বিরুদ্ধে নিজ দলের ভেতরে 'ভয় ছড়ানো' এবং 'ভুল তথ্য' ছড়ানোর গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূমিকার কড়া সমালোচনা করে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এই ডেমোক্র্যাটিক নেতা।
সিনেট নেতৃত্বের লড়াইয়ে উত্তাপ রোববার এবিসি নিউজের 'দিস উইক' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান হোলেন তার প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন। চাক শুমারের সমালোচনা করে তিনি বলেন, "শুমারের টিম অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। যারা আমাকে নতুন নেতা হিসেবে সমর্থন করতে চান, তারা মূলত তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন।"
সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ডনাল্ড ট্রাম্পের নীতি, যুদ্ধ, উচ্চমূল্য ও দুর্নীতি প্রত্যাখ্যান করলেও ডেমোক্র্যাটদের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। ভ্যান হোলেনের মতে, মানুষের এই আস্থা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের 'স্ট্যাটাস কো' বা পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
অন্যদিকে, চাক শুমার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি দলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো আলোচনাকে স্বাগত জানান। তবে ডেমোক্র্যাটিক নেতা হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভোট তার হাতেই রয়েছে বলে তিনি দাবি করেন।
এনভিডিয়া ও চায়না ইস্যুতে ট্রাম্পের দিকে আঙুল সিনেটের পররাষ্ট্র ও ব্যাংকিং বিষয়ক কমিটির সদস্য ভ্যান হলেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য পদত্যাগী সিইও জেনসেন হুয়াংয়ের গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জেনসেন হুয়াং সম্প্রতি এক সন্দেহভাজন চায়নিয গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সাথে তার সম্পর্কের কথা স্বীকার করে সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন।
এ বিষয়ে ভ্যান হলেন বলেন, "জাতীয় নিরাপত্তার সাথে জড়িত কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করে জেনসেন হুয়াং প্রেসিডেন্টকে দিয়ে এনভিডিয়ার অত্যন্ত উন্নত চিপগুলো চায়নায় পাঠানোর অনুমতি আদায় করে নিয়েছিলেন।" তিনি ধারণা করছেন, এই চিপগুলো চায়নায় পাচারের ক্ষেত্রে অ্যালিস হুয়াং বড় ধরনের ভূমিকা রেখে থাকতে পারেন।
উল্লেখ্য, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। আমেরিকান আইনের অধীনে এনভিডিয়ার এই উচ্চ ক্ষমতার চিপগুলো কোনোভাবেই চায়নায় রপ্তানি করা যায় না। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই চিপগুলো পাচারের অভিযোগে ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে আমেরিকা। তবে বেইজিং বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তদন্তের জোর দাবি গত মে মাসে জেনসেন হুয়াংকে নিয়ে ট্রাম্পের চায়না সফরের আগে প্রেসিডেন্টকে এই সম্পর্ক নিয়ে কোনো গোয়েন্দা ব্রিফিং দেওয়া হয়নি— ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ভ্যান হোলেন।
ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন, "এই প্রেসিডেন্ট সব সময় আমেরিকান জনগণের কাছে মিথ্যা বলেন। আর ঠিক এই কারণেই আমাদের একটি তদন্ত দরকার, যেখানে সংশ্লিষ্টরা সাক্ষ্য দেবেন।" ভ্যান হলেন দৃঢ়তার সাথে বলেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছিল এবং এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য কোনোভাবেই আমেরিকার প্রেসিডেন্টের নজর এড়িয়ে যেতে পারে না।
