


প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ১২:৪৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিমিডিয়া কমন্স
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের নতুন ধাপ শুরু হলো।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে সিনক্রোনাইজেশনের মাধ্যমে কেন্দ্রটির ট্রায়াল রান শুরু হয়েছে। বিকাল ৩টা ৪৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।
গ্রিড সিনক্রোনাইজেশন হলো বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া। এ সময় উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করা হয়।
তবে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। এর পরও বিভিন্ন উৎপাদনক্ষমতায় কেন্দ্রটির যন্ত্রপাতি, নিরাপত্তাব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করতে হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
এরপর কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
কমিশন জানিয়েছে, প্রতিটি ধাপেই বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়টি পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবারও জাতীয় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এর আগে গত ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। সেদিন বিকাল ৩টা ৩৪ মিনিটে চুল্লিতে এ প্রক্রিয়া শুরু হয়েছিল।
পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরুর এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ প্রক্রিয়ায় পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন হতে শুরু করে।
সে সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানিয়েছিলেন, জাতীয় গ্রিডে সংযোগের পর বিভিন্ন উৎপাদনক্ষমতায় সাত থেকে আট মাস পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে। প্রতিটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপ।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয়ও প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
