দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার প্রকাশিত এক খোলা চিঠিতে জেলেনস্কি এ আহ্বান জানান। চিঠিটি অ্যামেরিকাসহ বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে।
চিঠিতে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার জনগণ ইউক্রেনের হামলা, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে ক্লান্ত হয়ে পড়েছে এবং অনেকেই এখন শান্তি চায়।’
তিনি দাবি করেন, শান্তি প্রতিষ্ঠার জন্য এখনই উদ্যোগ নেওয়া জরুরি, কারণ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা আরও জটিল হতে পারে।
তিনি আরও বলেন, ‘অ্যামেরিকা বর্তমানে ইরান ইস্যুতে ব্যস্ত থাকায় ইউরোপের যুদ্ধকে কেন্দ্র করে মনোযোগ কমে যেতে পারে। এ অবস্থায় সময় নষ্ট করা উচিত নয়।’
জেলেনস্কি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে বলেন, আলোচনার পুরো সময়কালজুড়ে একটি পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর থাকা উচিত। তার মতে, সামনের যুদ্ধরেখা থেকেই শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।
তিনি অ্যামেরিকাকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের সক্ষম শক্তি হিসেবে উল্লেখ করেন এবং একটি নির্দিষ্ট সময় ও স্থানে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের আহ্বান জানান। সম্ভাব্য আয়োজনস্থল হিসেবে তিনি সুইজারল্যান্ড, তুরস্ক এবং কিছু আরব দেশকে উল্লেখ করেন।
চিঠিতে জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ নিতে ভয় পাওয়ার কিছু নেই। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।‘
তিনি সতর্ক করে বলেন, যদি পুতিন সরাসরি শান্তির পথে না আসেন, তবে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষায় যুদ্ধ চালিয়ে যাবে।
অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে তারা জেলেনস্কির চিঠি সম্পর্কে অবগত এবং বিষয়টি পুতিনকে জানানো হবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, চিঠিটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও পাঠানো হবে এবং এটি যুদ্ধ শেষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত প্রস্তাব।