ইসরায়েল ও হিযবুল্লাহর মধ্যে অ্যামেরিকার মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আর সীমান্তে আবারো রকেট হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা।
এ পরিস্থিতির জেরে লেবাননে হিযবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ‘হিযবুল্লাহর ক্রমাগত উসকানি কোনোভাবেই সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘লেবাননের প্রসঙ্গে এমন একটি ধারণা তৈরি হয়েছে, যেন আইডিএফ সেখানে কোনো অভিযান চালাচ্ছে না। কিন্তু তারা সেখানে পূর্ণ শক্তি প্রয়োগ করেই অভিযান চালাচ্ছে।’
নেতানিয়াহু আরও জানান, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির নীতি অনুসরণ করেই জোরালোভাবে কাজ করছে আইডিএফ।
প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশের পর ইতোমধ্যে রোববার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আইডিএফ-এর দাবি, গত দুই সপ্তাহে তারা অন্তত ৪৬ জন সন্ত্রাসীকে নির্মূল করেছে।
নর্দার্ন কমান্ডের তথ্য অনুযায়ী, হিযবুল্লাহর রকেট লঞ্চার এবং তাদের বিশেষ ইউনিট এলিট রাদওয়ান বাহিনীর ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা।
একই সঙ্গে এ ঘোষণার পর লেবাননের লিটানি নদীর উত্তরের সাতটি শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি দক্ষিণ লেবাননের বাফার জোন এলাকায় জনসাধারণের চলাচলেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।