


প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৬, ১৭:১২ হালনাগাদ: নভেম্বর ৯ ২০২৬, ১৭:২৭

সেনেটের প্রতিনিধিত্বকারী ইউএস ক্যাপিটল ভবেনের একাংশের চিত্র। ছবি: রয়টার্স
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সোমবার (৯ নভেম্বর) থেকে ৫ সপ্তাহের জন্য অধিবেশনে ফিরছে কংগ্রেস। ডেমোক্র্যাটরা ক্ষমতা গ্রহণের আগে লেম ডাক অধিবেশনের প্রথম দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আইন প্রণয়ন করবেন কংগ্রেস সদস্যরা। পরবর্তী ৩ সপ্তাহ চলবে উভয় কক্ষে বিজয়ী প্রতিনিধিদের ক্ষমতা গ্রহণ কর্মসূচী।
এর আগে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে আছে পিট হেগসেথকে পদচ্যুত বা অভিশংসনের উদ্যোগ, সরকারের অর্থায়ন নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আইন পাস করাসহ একাধিক চ্যালেঞ্জ।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের দায়িত্ব গ্রহণের আগে আইনপ্রণেতাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ এ ইস্যুগুলো সমাধানের লক্ষ্য রয়েছে।
হেগসেথের অভিসংশন
অধিবেশনের শুরুতেই সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নতুন করে উত্থাপন করতে পারেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। এর আগে তিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগসংবলিত প্রস্তাব তৈরি করেন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর হেগসেথের অবস্থান নিয়ে রিপাবলিকান শিবিরেও অসন্তোষ তৈরি হয়েছে। ইরান যুদ্ধের কারণে নির্বাচনে দলটির ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন রিপাবলিকান নেতা। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, হেগসেথকে তার পদে বহাল রাখার সিদ্ধান্তে তিনি অটল।
হেগসেথও এক ভিডিও বার্তায় অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। ম্যাসি সোমবারই প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। সে ক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি এ নিয়ে কংগ্রেসে ভোটাভুটি বা বিতর্ক হতে পারে।
এপস্টিনের নথি প্রকাশ নিয়ে নতুন উদ্যোগ
এদিকে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথি প্রকাশ নিয়েও নতুন করে চাপ তৈরি হচ্ছে। অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে নথি প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নতুন প্রস্তাব তুলেছেন ম্যাসি।
প্রস্তাবটির পক্ষে ইতিমধ্যে ২১৬ জন আইনপ্রণেতার স্বাক্ষর রয়েছে। এর মধ্যে চারজন রিপাবলিকান সদস্যও রয়েছেন। আরও দুজন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন পেলে প্রস্তাবটি হাউস অব রিপ্রেজেনটেটিভসে আলোচনার জন্য বাধ্যতামূলকভাবে উত্থাপনের সুযোগ তৈরি হবে।
‘এপস্টিন ট্রান্সপারেন্সি অ্যাক্ট টু’ নামের এ প্রস্তাবে তদন্তসংক্রান্ত নথি বেআইনিভাবে গোপন বা সম্পাদনা করে প্রকাশের অভিযোগে স্টেটের অ্যাটর্নি জেনারেল, ভুক্তভোগী এবং কংগ্রেস সদস্যদের ফেডারেল আদালতে মামলা করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
জিওপি নেতা নির্বাচন
কংগ্রেসের অধিবেশনের পাশাপাশি রিপাবলিকান দলের নেতৃত্ব নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী কংগ্রেসে দলীয় নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টিভ স্ক্যালিস ও কমিটির চেয়ারম্যান জিম জর্ডান। মঙ্গলবার এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসে রিপাবলিকান পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্পিকার মাইক জনসন। ফলে আগামী কংগ্রেসে সংখ্যালঘু রিপাবলিকান পার্টির নেতা কে হবেন- নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিবেশন আলোচনায়।
কংগ্রেসে মঙ্গলবার রিপাবলিকান পার্টির নতুন নেতার পদে প্রতিদ্বন্দীতা করবেন দলটির দ্বিতিয় শীর্ষ নেতা স্টিভ স্ক্যালিস ও জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জিম জর্ডান।
অন্যদিকে হাউস অব রিপ্রেজেনটেটিভসে ডেমোক্র্যাটিক পার্টির দলনেতা নির্বাচন হবে ১৮ নভেম্বর। এতে হাকিম জেফ্রিস স্পিকার পদে দলের মনোনয়ন পেতে পারেন। সেনেটে রিপাবলিকান নেতারাও মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
সরকারের অর্থায়ন ও গুরুত্বপূর্ণ বিল
অধিবেশনে সরকারের অর্থায়ন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। আগামী ১১ ডিসেম্বর সরকারের বর্তমান অর্থায়নের মেয়াদ শেষ হবে। তবে সম্ভাব্য শাটডাউন এড়াতে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি আইনপ্রণেতারা।
এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ জাতীয় প্রতিরক্ষা ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) পাস করতে হবে। পেন্টাগনের বার্ষিক নীতিমালা ও ব্যয়ের দিকনির্দেশনা নির্ধারণ করে এ আইন। ইরান যুদ্ধের ব্যয় নিয়ে মতবিরোধের কারণে বিলটি পাসে জটিলতা তৈরি হতে পারে।
আইনপ্রণেতাদের আলোচ্যসূচিতে রয়েছে ফরেন ইন্টিলিজেন্স সারভেলিয়েন্স অ্যাক্ট-এফআইএসএ ৭০২ ধারা পুনরায় অনুমোদন এবং মেয়াদোত্তীর্ণ কৃষি বিল পাসের বিষয়টিও।
এদিকে জানুয়ারিতে সেনেটের নিয়ন্ত্রণ হারানোর আগে ট্রাম্পের বাকি মনোনীত ব্যক্তিদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে চায় রিপাবলিকানরা। তবে ডেমোক্র্যাটদের অসহযোগিতায় এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
অবকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়নে বিদ্যমান আইন ও বিধিমালা সংস্কারের একটি দ্বিদলীয় প্রস্তাব নিয়েও আলোচনা চলবে। সোমবার এ বিষয়ে সেনেটে একটি প্রক্রিয়াগত ভোট হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দুই দলের মধ্যে চলমান সমঝোতা অব্যাহত থাকবে, নাকি বিষয়টি নতুন কংগ্রেসের জন্য রেখে দেওয়া হবে, সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
নতুন আইনপ্রণেতাদের অভিষেকের প্রস্তুতি
এদিকে নতুন কংগ্রেসের সদস্যদের জন্য আগামী সপ্তাহের রোববার থেকে ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়েছে। সপ্তাহজুড়ে বিভিন্ন আয়োজনের মধ্যে বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেনটেটিভসের নতুন সদস্যদের ছবি তোলার কর্মসূচি রয়েছে।
এবার হাউস অব রিপ্রেজেনটেটিভসে অন্তত ১০৯ জন নতুন সদস্য আসছেন। ১৯৩৩ সালের পর এটিই হবে কংগ্রেসের নিম্নকক্ষে সবচেয়ে বড় নবাগত সদস্যদের দল। সেনেট থেকেও অন্তত ১৭ জন সদস্য বিদায় নিচ্ছেন। ফলে নতুন কংগ্রেসে একাধিক নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন। আগামী ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেসের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
