প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। একইসঙ্গে কমেছে শেয়ার বাজার ও বন্ডের দর। তবে সঙ্কটাপন্ন এ পরিস্থিতিতে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করেন ট্রাম্প। যার ফলে, আবারও ঝুঁকির মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ও জ্বালানি রপ্তানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
এ পরিস্থিতিতে সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০২ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে ইউরোপের প্রধান সূচক এসটিওএক্সএক্স-৬০০ এ সূচক ৭ শতাংশ কমেছে। অ্যামেরিকার এস অ্যান্ড পি ও নাসডাক এ ৬ শতাংশ সূচক কমেছে।
এদিকে ডলারের দাম বাড়ায় বিশ্ববাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনে অ্যামেরিকান মুদ্রা শক্তিশালী হয়েছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়ছে। এ পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক-ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ডসহ একাধিক কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধ শুরুর আগে যেখানে বাজারে সুদ কমানোর বা দীর্ঘ সময় স্থিতিশীল রাখার প্রত্যাশা ছিল, এখন সেই পূর্বাভাস উল্টে গেছে।