
ভিসা ও সিঙ্গেল এন্ট্রির সময়সীমা নিয়ে ইউএস এম্বাসির বার্তা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬ ২০২৬, ১৭:৪৬

- 0
ইমিগ্রেশন ভিসা স্থগিতের পর এবার বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে অ্যামেরিকা।
নতুন ঘোষণায় জানানো হয়েছে, ‘ভিসা বন্ড’ নামের একটি পাইলট প্রোগ্রামের আওতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসি সোমবার, ২৬ জানুয়ারি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে।
এই কর্মসূচির আওতায় বাংলাদেশিদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেওয়া হবে। অর্থাৎ, এই ভিসায় অ্যামেরিকায় একবার প্রবেশ করা যাবে এবং অবস্থানের সময়সীমা হবে সর্বোচ্চ ৯০ দিন।
ইউএস এম্বাসি জানায়, ভিসা অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে নির্ধারিত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারে যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে pay.gov–এর লিংক দিয়ে অর্থ পরিশোধের নির্দেশনা দেবেন।
এই ভিসায় ভ্রমণকারীদের নির্দিষ্ট কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে অ্যামেরিকায় প্রবেশ করতে হবে। এছাড়া ভিসার শর্ত অনুযায়ী অ্যামেরিকায় কোনো ধরনের কাজ করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরতে হবে।
সব শর্ত পূরণ করে দেশে ফিরে এলে জমা দেওয়া বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ যুক্ত হয়েছে অ্যামেরিকার সেই তালিকায়, যেসব দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড নির্ধারণ করা হতে পারে। ইউএস কর্তৃপক্ষের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অ্যামেরিকায় অবস্থান বা ‘ওভারস্টে’ কে নিরুৎসাহিত করা।
বিশেষ করে যেসব দেশের নাগরিকদের মধ্যে ওভারস্টে করার হার বেশি, সেসব দেশকেই এই কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকা।