ফেডারেল রিজার্ভ গভর্নর আদ্রিয়ানা কুগলারের অবশিষ্ট মেয়াদ পূরণে কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্স চেয়ারম্যান স্টিফেন মিরানকে বৃহস্পতিবার মনোনীত করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি জানান, মিরান এ দায়িত্ব পালন করবেন ২০২৬ সালের ৩১ জানুয়ারি নাগাদ।
গভর্নর পদে আদ্রিয়ানার স্থায়ী বিকল্প সন্ধান অব্যাহত রাখার কথাও জানান প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার দ্বিতীয় মেয়াদের শুরু থেকে তিনি (মিরান) আমার সঙ্গে আছেন। অর্থনীতির জগতে তার অভিজ্ঞতা অতুলনীয়।
‘তিনি অসাধারণ কাজ করবেন। অভিনন্দন স্টিফেন!’
দ্য হিলের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের প্রথম মেয়াদে সাবেক ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মনুচিনের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ছিলেন মিরান।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্সের প্রধান হিসেবে নিয়োগ পান মিরান। এর মধ্য দিয়ে প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসের শীর্ষ অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব শুরু হয় তার।
হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন মিরান। গত বছরের নভেম্বরে তিনি শুল্কের সঙ্গে ডলার দরের সম্পর্ক নিয়ে একটি রচনা লিখেন।
রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সিনেটে মনোনয়ন অনুমোদনের পর ফেডারেল রিজার্ভ গভর্নর আদ্রিয়ানা কুগলারের মেয়াদের বাকিটা পূরণ করবেন মিরান।
আদ্রিয়ানা শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে বিদ্যায়তনে ফিরে যাবেন। আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ দায়িত্বে থাকার কথা ছিল তার।