মেক্সিকো সিটি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পুয়েবলা এবং ত্লাক্সকালা সংযোগকারী একটি রাস্তারধারে মঙ্গলবার ভোরে রহস্যজনক বার্তাসহ মানুষের ৬টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে একটি কম্বল উদ্ধার করা হয়েছে যেখানে স্থানীয় ভাষায় লেখা ছিল, ‘লা বারেডোরা’ যার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় ঝাড়ুদার।
পুলিশ এখনও হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। এই ঘটনার পেছনে কোন অপরাধী গোষ্ঠী আছে তাও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সতর্ক করার জন্য এই বার্তা দেয়া হতে পারে।
কার্টেলরা প্রায়শই শত্রুদের হুমকি দেওয়া বা নিয়ম ভঙ্গের শাস্তির ভয়াবহতা বোঝাতে মৃতদেহের পাশে বার্তা রেখে যায়।
সংবাদ সংস্থা এএফপি জানায়, স্থানীয় প্রসিকিউটরের অফিস এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ত্ল্যাক্সকালায় পাওয়া কাটা মাথাগুলো পুরুষদের। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
প্রসিকিউটররা জানায়, প্রথমে মানুষের এসব কাটা মাথা দেখতে পান পিউবলা এবং ত্লাক্সকালার রাস্তায় গাড়ি চালানো চালকরা। তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর কোলিমায় আরও একটি মাথা এবং অন্যান্য মানব দেহের অবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।
পিউবলা এবং ত্লাক্সকালা উভয়ই মাদক ও জ্বালানি চুরির সঙ্গে যুক্ত গ্যাংগুলোর আবাসস্থল।তবে এসব এই স্টেটগুলোতে এই ধরনের চরম সহিংসতা নতুন।
এর আগে, এ বছরের শুরুর দিকে সিনালোয়া কর্তৃপক্ষ ফেডারেল হাইওয়ের ওপর একটি সেতুতে গুলিবিদ্ধ ২০ জন পুরুষের মৃতদেহ উদ্ধার করে। যার মধ্যে পাঁচজনের শিরশ্ছেদ করা হয়েছিল।