হরমুজ প্রণালিতে সোমবার ভোরে তৌসকা নামের একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে অ্যামেরিকান সামরিক বাহিনী। এ ঘটনায় অ্যামেরিকার ওপর কঠোর প্রতিশোধ ও শান্তিচুক্তির দ্বিতীয় বৈঠকে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
অ্যামেরিকান সেন্ট্রাল কমান্ড-সেন্টকম ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ইরানের জাহাজ জব্দের তথ্য।
সেন্টকম জানিয়েছে, জাহাজটি অ্যামেরিকান অবরোধ অমান্য করে আরব সাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের বন্দর শহর বান্দার আব্বাসের দিকে যাচ্ছিল। পরে জাহাজের ইঞ্জিনে গুলি করে সেটি অচল করে দেওয়া হয় এবং জাহাজটি দখল করা হয়।
এ ঘটনাকে অ্যামেরিকার ‘সমুদ্রদস্যুতা’ বলে অভিহিত করেছে ইরান সরকার। পাশাপাশি হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে শান্তিচুক্তির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে সরাসরি অসম্মতি জানিয়েছে।
জাহাজ জব্দের কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইসলামাবাদে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে ইরান কোনো প্রতিনিধি পাঠাবে না।
অন্যদিকে অ্যামেরিকা জানিয়েছে, বৈঠকে অংশ নিতে স্টিফ উইটকফ ও জ্যারেড কুশনারের মতো উচ্চপদস্থ কূটনীতিকরা সোমবার ইসলামাবাদ থাকবেন।
এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ হামলার কঠোর প্রতিশোধ নিবে।
ইরানের যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা সতর্ক করছি যে ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র সমুদ্রদস্যুতার জবাব দেবে।’