নিউ ইয়র্ক সিটি মেয়র, কমিশনারের নামে ট্রাম্প প্রশাসনের মামলা

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ২৩:৫০ হালনাগাদ: জানুয়ারি ৭ ২০২৬, ১৪:১৬

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। ছবি: এনওয়াইসি ডটগভ

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। ছবি: এনওয়াইসি ডটগভ

  • 0

মামলায় মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার আদ্রিয়ান অ্যাডামস ও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে বিবাদী করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটির স্যাঙ্কচুয়ারি নীতি ও আইনগুলোকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিকেলে মামলা করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট।

এতে মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার আদ্রিয়ান অ্যাডামস ও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে বিবাদী করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়রের মুখপাত্র জানান, মামলার আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে ম্যানহাটনে ২ দুর্বৃত্তের গুলিতে এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল-সিবিপি কর্মকর্তা আহত হওয়াকে কেন্দ্র করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্কে এক বন্ধুসহ বসে থাকা অবস্থায় দুজন অবৈধ অভিবাসী ছিনতাইকারী ওই কর্মকর্তাকে গুলি করেন।

এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম ও বর্ডার জার টম হোম্যান নিউ ইয়র্ক সিটিতে আইসের অভিযান তীব্র করার ঘোষণা দেন।

এ অবস্থায় বৃহস্পতিবার এলো ডিপার্টমেন্ট অব জাস্টিসের মামলার খবর।

নিউ ইয়র্কের স্যাঙ্কচুয়ারি সিটি আইনগুলোকে চ্যালেঞ্জ করে এ মামলা করা হয়।

মামলার ৩৭ পৃষ্ঠার আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে, স্যঙ্কচুয়ারি সিটির আইন অনুযায়ী অপরাধীদের ধরতে ফেডারেল এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করতে পারছে না।

অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, স্যাঙ্কচুয়ারি সিটি আইনের দোহাই দিয়ে নিউ ইয়র্ক সিটি হাজার হাজার অপরাধীকে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে সিটি ব্যর্থ হলে প্রশাসন ব্যবস্থা নেবে।

১৯৮৯ সাল থেকে স্যাঙ্কচুয়ারি সিটি আইন কার্যকর করে নিউ ইয়র্ক সিটি। এ নিয়ম অনুযায়ী, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযানে আইসকে এনওয়াইপিডি কিংবা ডিপার্টমেন্ট অব কারেকশান কোনো সহযোগিতা করতে বাধ্য নয়।

সাবেক মেয়র বিল দ্যা ব্লাজির সময় এটি আরও শক্তিশালী করা হয়।

বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্যঙ্কচুয়ারি সিটি স্ট্যাটাস বাতিলের উদ্যোগ নিলেও সিটি কাউন্সিলের বাধার মুখে পড়ে পিছিয়ে পড়তে বাধ্য হন।

ট্রাম্প প্রশাসনের মামলার ঘটনায় মেয়র অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সিটিকে নিরাপদ রাখতে ও অপরাধীদের ধরতে ফেডারেল সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী মেয়র, তবে পুরো বিষয়টি নির্ভর করে সিটি কাউন্সিলের ওপর।

এর আগে গত জুনে লস অ্যাঞ্জেলেস সিটির স্যাঙ্কচুয়ারি স্ট্যাটাসের বিরুদ্ধে মামলা করেছিল জাস্টিস ডিপার্টমেন্ট। এর পরইসেখানে ব্যাপক ধরপাকড় ও অভিযান চালায় আইস।