জাহাজভাঙা শিল্পের আন্তঃসীমা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈশ্বিক চুক্তি বাসেল কনভেনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর পরিবর্তে এ শিল্পে হংকং কনভেনশন অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে গঠিত কমিটি এ সিদ্ধান্ত নেয়। জাহাজভাঙা শিল্পমালিকদের অনুরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাসেল কনভেনশনে মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। ফলে এসব জাহাজ আমদানির ক্ষেত্রে বর্জ্য পরিবহন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম মানতে হয়। অন্যদিকে, হংকং কনভেনশনে মূলত জাহাজভাঙার ইয়ার্ডে নিরাপত্তা ও পরিবেশগত ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়।
শিল্পমালিকদের দাবি, হংকং কনভেনশন অনুসরণ করে জাহাজভাঙা শিল্পকে নিরাপদ করতে কাজ চলছে। তবে পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, বাসেল কনভেনশন থেকে সরে এলে উন্নত দেশগুলো থেকে বিপজ্জনক বর্জ্যবাহী জাহাজ আমদানি ও পরিবেশদূষণের ঝুঁকি বাড়তে পারে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পরিবেশ ও শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে বাসেল ও হংকং—দুটি কনভেনশনই পাশাপাশি কার্যকর রাখা প্রয়োজন।