চীন সফর পেছাতে চান ট্রাম্প, কারণ নিয়ে সংশয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭ ২০২৬, ১৭:০১ হালনাগাদ: মার্চ ১৭ ২০২৬, ১৭:৩৬

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁ পাশে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁ পাশে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স

  • 0

হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমরা প্রায় এক মাসের মতো সফরটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। কারণ যুদ্ধে তদারকির জন্য অ্যামেরিকায় অবস্থান করা এখন গুরুত্বপূর্ণ।‘

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে চীনে পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ একটি সফর প্রায় এক মাসের মতো পেছাতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমরা প্রায় এক মাসের মতো সফরটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি।

‘কারণ যুদ্ধে তদারকির জন্য অ্যামেরিকায় অবস্থান করা এখন গুরুত্বপূর্ণ।‘

বিবিসি নিউজ জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৩১ শে মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যবর্তী সময়ে ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা ছিল।

তবে ট্রাম্প সফর পেছানোর কথা বলার পর এ বিষয়ে মন্তব্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বেইজিং ও ওয়াশিংটন ট্রাম্পের চীন সফরের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছে।‘

তবে সফর পেছানোর সঙ্গে হরমুজ প্রণালী সম্পর্কিত কোনো ইস্যু নেই বলে নিশ্চিত করেন জিয়ান।

এদিকে বৃহস্পতিবার ফিন্যান্সশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন যদি হরমুজ প্রণালী খুলতে সাহায্য না করে, তাহলে বৈঠকটি পেছানো হতে পারে।’

পরে সোমবার ট্রাম্প এ সফর পেছানোর কারণ পরিবর্তন করেন।

চলমান যুদ্ধে চীনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রেখেছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহনকারী জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে চীন।