কাতারের উপহারের বিমানে ‘নিয়মিত চড়বেন’ ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১১ ২০২৫, ২০:৪৫ হালনাগাদ: ফেব্রুয়ারি ১২ ২০২৬, ১৫:৩৮

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওয়াশিংটনে ফিরতে গত ৪ মে এয়ার ফোর্স ওয়ানে চড়েন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওয়াশিংটনে ফিরতে গত ৪ মে এয়ার ফোর্স ওয়ানে চড়েন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

দ্বিতীয় মেয়াদে প্রথম বড় ধরনের বিদেশ সফরের জন্য সোমবার ট্রাম্পের যাত্রা শুরুর পর বিমান উপহারের খবরটি আসে। সফরে কাতারের দোহায় বিরতি নেবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।

কাতার রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান গ্রহণ করতে যাচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

এয়ার ফোর্স ওয়ান তথা প্রেসিডেন্টকে বহনকারী বিমান হিসেবে এখন থেকে কাতারের উপহারের বিমানই ব্যবহার করা হবে বলে সিএনএনকে জানিয়েছেন চুক্তি সংশ্লিষ্ট দুজন ব্যক্তি।

দ্বিতীয় মেয়াদে প্রথম বড় ধরনের বিদেশ সফরের জন্য সোমবার ট্রাম্পের যাত্রা শুরুর পর বিমান উপহারের খবরটি আসে। সফরে কাতারের দোহায় বিরতি নেবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বোয়িংয়ের ৭৪৭-৮ বিমানের ব্যাপক মূল্যের কারণে ট্রাম্প প্রশাসনের উপহার গ্রহণের সিদ্ধান্তকে নজিরবিহীন মনে করা হচ্ছে। এ নিয়ে নৈতিক ও আইনি প্রশ্নও সামনে এসেছে।

কাতারের একজন কর্মকর্তা জানান, আনুষ্ঠানিকভাবে পেন্টাগনকে উপহার হিসেবে বিমানটি দিচ্ছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তার ভাষ্য, এটি ব্যক্তিগত বিষয়ের চেয়ে অনেক বেশি সরকার থেকে সরকার পর্যায়ের।

কাতার থেকে অ্যামেরিকায় নেওয়ার পর বিমানটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে ও নতুন করে সাজিয়ে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করা হবে।

কাতারের পরিকল্পনা অনুযায়ী, ট্রাম্পের মেয়াদ শেষ হলে বিমানটিকে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে। এর অর্থ হলো প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও আকাশযানটি ব্যবহার করতে পারবেন তিনি।

অ্যামেরিকায় কাতারের মিডিয়া অ্যাটাশে আলি আল-আনসারি রবিবার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন সফরে কাতারের পক্ষ থেকে অ্যামেরিকাকে বিমান উপহার দেওয়ার খবর সঠিক নয়।

‘এয়ার ফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি বিমানের সম্ভাব্য স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রেখেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয ও অ্যামেরিকার ডিপার্টমেন্ট অব ডিফেন্স, তবে বিষয়টি সংশ্লিষ্ট আইনি বিভাগের পর্যালোচনায় আছে এবং এ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’