রাজধানী ওয়াশিংটন ডিসির অভিজাত লোগান সার্কেল এলাকায় একাধিক স্থানে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরের এ এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ইউএস নিউজ জানায়, লোগান সার্কেলের একটি জিমের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। পরে আশপাশের একাধিক স্থান থেকে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা নাথান ক্লার্ক জানান, লোগান সার্কেলের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের একাধিক দল পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫ নম্বর স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়। ওই এলাকায় একটি ফিটনেস সেন্টার, গির্জা, আবাসিক ভবন ও সুপারমার্কেট রয়েছে।
এদিকে, পলাতক হামলাকারীকে শনাক্ত ও আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে গুলির কারণ, হামলাকারীর পরিচয় কিংবা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
হোয়াইট হাউসের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্থানে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত চলছে।