
ইরান যুদ্ধের ধাক্কায় থমকে গেছে ট্রাম্পের গাযা শান্তি পরিকল্পনার আলোচনা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯ ২০২৬, ১৪:৩৩
- 0
অ্যামেরিকা ও ইযরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাযা যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে চলা আলোচনা আপাতত স্থগিত হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যামেরিকা ও ইযরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাযা যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে চলা আলোচনা আপাতত স্থগিত হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর মতে, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাযা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চলা কূটনৈতিক আলোচনা থেমে গেছে। বিষয়টি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের এই পরিকল্পনাকে তার অন্যতম প্রধান পররাষ্ট্রনীতি উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগেই উপসাগরীয় আরব দেশগুলো গাযা পুনর্গঠনের জন্য বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন সেই দেশগুলোর অনেকই ইরানের হামলার মুখে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল—হামাস যোদ্ধারা অস্ত্র সমর্পণ করলে তাদের জন্য সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়টি বিবেচনা করা। এর মাধ্যমে গাযা পুনর্গঠন ও ইযরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহারের পথ তৈরি করার লক্ষ্য ছিল। এ নিয়ে ইযরায়েল ও হামাসের মধ্যে ব্যাকচ্যানেল আলোচনাও চালাচ্ছিল হোয়াইট হাউসের মধ্যস্থতাকারীরা।
তবে যুদ্ধ শুরুর পর এই নিরস্ত্রীকরণ আলোচনা বন্ধ হয়ে যায়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক প্যালেস্টিনিয়ান কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর দিনই হামাসের সঙ্গে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে যায় এবং এখনো নতুন কোনো তারিখ নির্ধারণ হয়নি।
হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের গাযা পরিকল্পনা নিয়ে আলোচনা আপাতত স্থগিত রয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। অন্যদিকে ইযরায়েল সরকার বা হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুদ্ধের প্রভাব
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাযায় ইযরায়েলি হামলার মাত্রা কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত গাযায় অন্তত ১৬ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন।
এদিকে হামাসও গাযার বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করার চেষ্টা করছে। সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক দিনে গাযার উত্তর ও দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধারা ইযরায়েল-সমর্থিত কয়েকটি মিলিশিয়া সদস্যের ওপর হামলা চালিয়েছে।
নতুন উদ্বেগ
গাযা নীতির সমন্বয় পরিচালনার জন্য দক্ষিণ ইযরায়েলে একটি অ্যামেরিকা-নেতৃত্বাধীন সামরিক ঘাঁটি থেকে বহুজাতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সেই কার্যক্রম সীমিত করে দেওয়া হয়েছে।
কূটনীতিকরা আশঙ্কা করছেন, ওই ঘাঁটিও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের মনোযোগ এখন মূলত ইরান যুদ্ধের দিকেই চলে গেছে, ফলে গাযা ইস্যু কিছুটা পিছিয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ দ্রুত শেষ না হলে ট্রাম্পের গাযা শান্তি উদ্যোগ দীর্ঘ সময়ের জন্য স্থবির হয়ে যেতে পারে। আর অ্যামেরিকার ধারাবাহিক কূটনৈতিক মনোযোগ না থাকলে গাযায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।