ক্যালিফোর্নিয়া স্টেইটে একটি পর্বতে তুষারধসের পর নিখোঁজ রয়েছেন ৯জন স্কিয়ার। এ ঘটনার শিকার আরও ছয়জন স্কিয়ারকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
ক্যালিফোর্নিয়া ও নেভাদা স্টেইটের মধ্যবর্তী এলাকায় অবস্থিত সিয়েরা নেভাদা মাউন্টেইনসে মঙ্গলবার গাইডসহ ভ্রমণে যায় ১৫জনের একটি স্কিয়ার দল।
স্কিয়িংয়ের জন্য বিখ্যাত এ পর্বতটিতে ভ্রমণকালে হঠাত তুষারধসে চাপা পড়ে দলের সব সদস্য।
নেভাদা কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীদের উদ্ধারে দ্রুত কাজ শুরু করে উদ্ধারকারীর একটি দল।
সন্ধ্যর পরপর দলটি গুরুতর আঘাতপ্রাপ্ত ৬জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়, যাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে বাকি নয়জন সদস্যের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শেরিফ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘খারাপ আবহাওয়ার মধ্যে উদ্ধারকারীদের ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে এবং তাদের সরিয়ে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।
‘মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া ব্যক্তিদের যত্ন নিশ্চিত করা মূল লক্ষ্য ছিল। এবার নিখোঁজ হওয়া বাকিদের খুঁজতে অভিযান জোরদার করা হবে।’