মাসে হাজারের বেশি গাড়ি চুরি নিউ ইয়র্ক সিটিতে

আপেল মাহমুদ, নিউ ইয়র্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ১:১৯ হালনাগাদ: জানুয়ারি ৮ ২০২৬, ১৫:২০

দিনে বা রাতে পার্কিং এরিয়া থেকে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

দিনে বা রাতে পার্কিং এরিয়া থেকে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

  • 0

এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই শহরের বিভিন্ন সড়কের পার্কিং ও গ্যারেজ থেকে চুরি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার তিনশর বেশি গাড়ি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাকা চুরির ঘটনাও।

নিউ ইয়র্ক সিটিতে গত সাত মাসে সাড়ে সাত হাজারের বেশি গাড়ি চুরি হয়েছে।

এর অর্থ হলো প্রতি মাসে গড়ে এক হাজারের বেশি গাড়ি চুরি হয়েছে নগরে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই শহরের বিভিন্ন সড়কের পার্কিং ও গ্যারেজ থেকে চুরি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার তিনশর বেশি গাড়ি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাকা চুরির ঘটনাও।

শহরে আধুনিক প্রযুক্তি আর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরও চুরি থামাতে পারছে না পুলিশ।

কুইন্সের উডসাইডের ৬৩ স্ট্রিটে টয়োটা ক্যামরি গাড়িটি পার্ক করেছিলেন জানিপ খান, কিন্তু কয়েক ঘন্টা পর গাড়িটি চাকাবিহীন অবস্থায় পাওয়া যায়।

গত ১২ আগস্ট ব্রঙ্কসের পার্ডি স্ট্রিট ও স্টারলিং অ্যাভিনিউয়েও একই ঘটনা ঘটে। রাস্তার পাশেই পার্ক করা হোন্ডা কোম্পানির গাড়ির চারটি চাকা খুলে নিয়ে যায় চোর চক্র।

এর আগে ব্রুকলিন ও জ্যামাইকা থেকেও গাড়ির চাকা চুরির ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটিতে সংঘবদ্ধ চোর চক্র কয়েক মিনিটের মধ্যেই চাকাগুলো খুলে ফেলছে। চুরি করা এসব গাড়ির চাকা থেকে টায়ার, রিম আলাদা করে দ্রুত বিক্রি করে দেওয়া হচ্ছে চোরাই বাজারে।

শুধু গাড়ির চাকা কিংবা যন্ত্রাংশই নয়, শহরে পুরো গাড়ি চুরির ঘটনাও বেড়েছে। দিনে বা রাতে পার্কিং এরিয়া থেকে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র।

বিশেষ চাবি ব্যবহার করে ৩০ সেকেন্ডের মধ্যেই গাড়ি স্টার্ট দিয়ে সটকে পড়ছে প্রশিক্ষণপ্রাপ্ত চোররা।

এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চুরি হয়েছে দুই হাজার ৭৭৩টি গাড়ি। এ ছাড়া এপ্রিলে ১ হাজার ১৯৪টি, মে মাসে ১ হাজার ২২৪টি, জুনে ১ হাজার ২৩৬টি ও জুলাইয়ে ১ হাজার ৩৮৭টি গাড়ি চুরি হয় নিউ ইয়র্ক সিটি থেকে।

নিউ ইয়র্কের পাঁচটি বোরোর মধ্যে গাড়ি ও গাড়ির পার্টস চুরির হার সবচেয়ে বেশি ব্রঙ্কসের ফোরটি নাইন ও ফিফটি টু প্রেসিংটে। এর পরই আছে কুইন্সের নাম। নর্থ কুইন্সে গাড়ি চুরি কমলেও সাউথ কুইন্সে চুরি বেড়েছে। এর পরই চুরি বাড়ার তালিকায় আছে ম্যানহাটন, ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডের নাম।

পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি চুরি হচ্ছে হোন্ডার সিআর-ভি, একোর্ড, সিভিক মডেলের গাড়ি। এ ছাড়া হান্ডে কোম্পানির ইলান্টা, সোনাটা, কিয়া অপটিমা, সোল, কিয়া ফোর্ট সিরিজের গাড়ি রয়েছে চোরদের পছন্দের প্রথম সারিতে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, জনপ্রিয় মডেল আর পার্টসের চাহিদার কারণে এসব গাড়ি সহজেই চুরি করা যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরে পুলিশ চুরি কেন বন্ধ করতে পারছে না, তা নিয়ে কথা বলেন এনওয়াইপিডির সাবেক লুটেন্যান্ট শামসুল হক।

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে নিজের গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।