টেক্সাস স্টেইটের এল পাসো ও নিউ মেক্সিকো স্টেইটের সান্তা তেরেসা শহরের আকাশসীমায় ১০ দিনের জন্য অস্থায়ী বিমান চলাচল বন্ধ করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ ।
এফএএ এক বিবৃতিতে জানায়, বিশেষ নিরাপত্তাজনিত কারণে বুধবার রাতের শুরু থেকে এল পাসো বিমানবন্দরের ১০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূমি থেকে ১৭,৯৯৯ ফুট উচ্চতা পর্যন্ত কোনো বিমান চলাচল করতে পারবে না।
এ নিষেধাজ্ঞা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। তবে এটি মেক্সিকোর আকাশসীমার জন্য প্রযোজ্য নয়।
এল পাসো বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল কার্যক্রম বন্ধ করতে হবে। যা বহাল থাকবে ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটা পর্যন্ত।
এ সময়ের ভিতর বাণিজ্যিক, সাধারণ ও পণ্যবহনকারীসহ সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
এ পরিস্থিতে ফ্লাইট সম্পর্কিত খবর জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নির্দেশনাটি জাতীয় আকাশসীমা প্রতিরক্ষার অংশ উল্লেখ করে এফএএ জানায়, কোনো পাইলট এ নিষেধাজ্ঞা না মানলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক করা হবে।
একই সঙ্গে নিয়ম ভঙ্গকারীকে জরিমানা ও লাইসেন্স বাতিল করা হবে।
নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দেয় নি এফএএ।