আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর এপি’র।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের পরিচালক সামি উল হক বায়ান জানান, খনি কোম্পানিগুলোর ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক ওই গুদামে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ১১০ বলে নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুকে আসাদাবাদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের একটি ওয়ার্ডে আহত শিশুদের চিকিৎসা নেওয়ার দৃশ্যও প্রকাশিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী নূর রহমানের বাড়ি স্কুলটির পাশেই। বিস্ফোরণের শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ধুলার মধ্যে স্কুলের কক্ষগুলো থেকে শিশুদের চিৎকার শুনতে পান। পরে ধ্বংসস্তূপ সরিয়ে নিজের ভাগনিসহ কয়েকজন আহত শিশুকে উদ্ধার করেন।
বিস্ফোরণে আহত এক স্কুলছাত্রের বাবা হাজি সুলায়মান জানান, তিনি দোকানে যাওয়ার পথে বিস্ফোরণের শব্দ শুনে স্কুলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে স্কুলটির ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান। ভবনের কিছু অংশ ধসে পড়েছিল এবং দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিশুদের গাড়িতে করে আসাদাবাদ হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণে স্কুল ভবনের একাংশ ধসে পড়ার ছবিও প্রকাশিত হয়েছে।
আফগানিস্তান লোহা, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরের মতো খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির অর্থনীতিতে খনি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে খনি কোম্পানিগুলোর নিরাপত্তাব্যবস্থা ও মানদণ্ড প্রায়ই দুর্বল হওয়ায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। কুনার প্রদেশে মূল্যবান পাথর উত্তোলনের কার্যক্রমও বাড়ছে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।