তুর্কিয়ের ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি, বিক্ষোভে আটক ৯
- 0


প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২৬, ১৪:৪৫ হালনাগাদ: নভেম্বর ১৩ ২০২৬, ১৪:৫০

তুর্কিয়ের পশ্চিমাঞ্চলের ইযমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক, নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে বিস্ফোরণকবলিত কারখানায় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৯ নভেম্বর) হাবাস ইস্পাত কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের লোকজনের কাছে তা ভূমিকম্পের মতো মনে হয়েছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানায় বয়লার পরিবর্তনের কাজ চলার সময় একটি ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এতে প্রায় ১২০ টন গলিত ইস্পাতভর্তি একটি পাত্র চুল্লির ওপর পড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আহত ১২ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তুর্কি মেটাল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তা আলী একবার তালি এএফপিকে জানান, নিখোঁজ এক শ্রমিককে মৃত বলে ধরে নেওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।
তুর্কিয়ের উপ-আইনমন্ত্রী জান তুনজায় জানান, নিহতদের শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ কারণে স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের জন্য অপেক্ষা করতে হয়েছে। মঙ্গলবার অন্তত পাঁচটি পরিবারের সদস্যরা স্বজনদের দাফন করতে পেরেছেন।
বিস্ফোরণের পর দায়ীদের বিচারের দাবিতে আলিয়াগায় প্রায় ৭০০ মানুষ বিক্ষোভ করেন। তাঁদের সঙ্গে যোগ দেন শ্রমিক, নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা ‘এটি দুর্ঘটনা নয়, হত্যা—শ্রমিকের মৃত্যু বন্ধ করো’ স্লোগান দেন। একই দাবিতে ইস্তাম্বুলে প্রায় ১৫০ এবং রাজধানী আঙ্কারায় প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেন।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কারখানার কাজে যোগ দিতে আসা শ্রমিকদের নিরাপত্তা তল্লাশিচৌকিতে মোবাইল ফোন জমা দিতে বলা হয়। এ নির্দেশের প্রতিবাদে কারখানার প্রবেশপথে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এজিয়ান ওয়ার্কার্স কালেক্টিভের মুখপাত্র ওকতাই তুর্ক এএফপিকে জানান, এ বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনিও রয়েছেন।
শ্রমিক সংগঠনটির অভিযোগ, কারখানার ভেতরের পরিস্থিতির ছবি ও ভিডিও যাতে বাইরে প্রকাশ করা না যায়, সে উদ্দেশ্যেই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, কারখানার চেয়ারম্যান মেহমেত রুস্তুর বাসারানের নির্দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে বিস্ফোরণের তদন্তে কারখানার চেয়ারম্যান মেহমেত রুস্তুর বাসারানসহ ১১ জনকে আটক করা হয়েছিল। পরে আদালত তাঁদের মধ্যে নয়জনকে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেন। বাকি দুজনকে গৃহবন্দি রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কারখানার চেয়ারম্যান বাসারান।
এ ঘটনায় বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া কারখানার এক ট্রাকচালক সহকর্মীদের খোঁজে আবার কারখানার ভেতরে প্রবেশ করেছিলেন। পরে ভয়াবহ দৃশ্য দেখে তিনি কারখানার প্রধান ফটকের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। ৪০ বছর বয়সী ওই চালকের নাম তুরান ইলবে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা গুরুতর।
শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, হাবাস কারখানায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে। বামপন্থি সংবাদপত্র এভরেনসেলের তথ্য অনুযায়ী, গত এক দশকে কারখানাটিতে অন্তত ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তুরস্কের রাজনৈতিক দল ডিইএম পার্টির সহসভাপতি তুলায় হাতিমোগুল্লারি ঘটনাটিকে ‘কর্মক্ষেত্রে হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে শ্রমমন্ত্রী, শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন। প্রধান বিরোধী দলও দুর্ঘটনা ও সম্ভাব্য নিরাপত্তাগত অবহেলা নিয়ে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছে।
এদিকে শুক্রবারের বিক্ষোভের সময় কারখানার আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।
এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণ ও শ্রমিকদের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি।
