প্রয়াত অ্যামেরিকান শিশু যৌন নীপিড়ক জেফ্রি এপস্টিনের সঙ্গে সখ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য লেনদেনের জেরে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে ব্রিটেন পুলিশ।
ট্যামস ভ্যালি পুলিশ জানায়, বৃহস্পতিবার ৬৬ তম জন্মদিন পালনের সময় তাকে নরফোক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালন করার সময় অসাদাচরণের অভিযোগ আনা হয়েছে, ব্রিটিশ আইনে যার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড।
পুলিশের অভিযোগ অনুযায়ী, ব্রিটেনের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু এপস্টিনের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য লেনদেন করেন।
অ্যান্ড্রকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদমাধ্যমগুলো সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে দক্ষিণ ইংল্যান্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী অভিযুক্তের নাম উল্লেখ না করে একটি বিবৃতি প্রকাশ করে পুলিশ।
ওই বিবৃতিতে বলা হয়, ‘এ মামলা নিয়ে জনসাধারণের প্রবল আগ্রহ আছে, তা আমরা বুঝতে পারছি। সময় এলে আমরা হালনাগাদ তথ্য জানানো শুরু করব।’
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের আগে দীর্ঘদিন ধরে অভিযোগ যাচাইয়ে তল্লাশি চালাচ্ছিলেন তদন্ত কর্মকর্তারা।
চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু বার্কাশায়ারে উইন্দসর রয়্যাল লজে বসবাসের সময় অভিযান শুরু হয়।
পরে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে নিজ বাড়িতে বসবাসের সময় সেখানেও অভিযান চালান কর্মকর্তারা।
ওই সময় অ্যান্ড্রুর বাড়ির সামনে চিহ্নবিহীন পুলিশের গাড়ির আসা-যাওয়া চোখে পড়েছিল আলোকচিত্রী, সাংবাদিকদের।
এর আগে গত অক্টোবর মাসে এপস্টিনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের প্রিন্স খেতাব হারান অ্যান্ড্রু। পাশপাশি রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেলের রয়্যাল লজ থেকেও বিতাড়িত করা হয়েছিল তাকে।