অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানের যুদ্ধ চলাকালীন অ্যামেরিকার মিত্র দেশগুলো বাদে বাকি সব দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে তেহরান সরকার।
অ্যামেরিকান সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া রোববারের এক সাক্ষাৎকারে নির্দিষ্ট কিছু দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্তের ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেতে একাধিক দেশ তেহরানের সাথে যোগাযোগ করেছে। তবে সিদ্ধান্ত জানাবে আমাদের সামরিক বাহিনী’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইতোমধ্যে প্রণালীটি দিয়ে কয়েকটি দেশের জাহাজ পার হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আরাঘচি।
সেই সঙ্গে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে উঠে এসেছে অনুমতি প্রদানের তালিকায় থাকা দেশগুলোর নাম।
পাকিস্তান
ব্লুমবার্গ নিউজ জানায়, রোববার পাকিস্তানের পতাকাবাহী একটি বড় তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাত্রা করেছে।
ভারত
ইরানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি শনিবার জানান, হরমুজ প্রণালীতে চলাচলের জন্য বেশ কিছু ভারতীয় জাহাজকে অনুমতি দিয়েছে তেহরান।
একই দিনে নয়াদিল্লি জানিয়েছে,পশ্চিম ভারতের বন্দরগুলিতে যাওয়ার জন্য দুইটি ভারতীয় পতাকা বহনকারী এলপিজি ট্যাঙ্কার প্রণালী পার হয়েছে।
তুরস্ক
ইরানের সীমানায় অপেক্ষমান একটি তুর্কি মালিকানাধীন জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে সরকার। তুর্কি সংবাদমাধ্যমে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির যানবাহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুলকাদির উরালোগলু।
চীন
অপরিশোধিত তেল ও কাতার থেকে তরল গ্যাস বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার করতে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে চীন। একাধিক সূত্র জানায়, ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রক্ষা করে চলা এ দেশটি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে।
ফ্রান্স, ইতালি
ইউরোপীয় দেশগুলোর ভিতর জ্বালানি তেলবাহী জাহাজ পরিবহনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি চেয়ে ইরানের সঙ্গে আলচনা চালাচ্ছে এই দুই দেশ।