


প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ৭:২৩ হালনাগাদ: নভেম্বর ২০ ২০২৬, ৭:২৩
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে সেমাফোরের "সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড" সম্মেলনে একটি আলোচনায় শন কেয়ার্নক্রস। ছবি: রয়টার্স।
হোয়াইট হাউসের ন্যাশনাল সাইবার ডিরেক্টর শন কেয়ার্নক্রস বিদায় নিচ্ছেন ট্রাম্প প্রশাসন থেকে। দেশের বিমান চলাচল, ব্যাংকিং ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা নেটওয়ার্কে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে তাঁর দায়িত্ব ছাড়ার খবর হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেয়ার্নক্রস হোয়াইট হাউসের ন্যাশনাল সাইবার ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন অফিস অব দ্য ন্যাশনাল সাইবার ডিরেক্টর আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল সমন্বয়ের কাজ করে।
প্রতিবেদন অনুযায়ী, কেয়ার্নক্রস আর দুই বছর এ দায়িত্বে থাকতে আগ্রহী ছিলেন না। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগে নতুন পরিচালকের নিয়োগ ও সেনেটের অনুমোদন নিশ্চিত করতে হোয়াইট হাউসকে সময় দিতেই তিনি এখন দায়িত্ব ছাড়ছেন। তাঁর বিদায়কে প্রশাসনের পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে অন্য কয়েকটি প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। অ্যাক্সিওসের বরাত দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার কেয়ার্নক্রসকে সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। তাঁর সাইবার নিরাপত্তাবিষয়ক প্রয়োজনীয় কারিগরি দক্ষতা নেই বলে প্রশাসনের অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁকে সরানোর সিদ্ধান্ত সমর্থন করেছেন।
কেয়ার্নক্রসের বিদায়ের খবর এমন এক সময়ে এসেছে, যখন গত কয়েক দিনে আমেরিকার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামোতে একাধিক বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
এর মধ্যে রয়েছে মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিভ্রাট, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা এবং জেপিমরগ্যান চেইয ব্যাংকের ব্যাংকিং সেবায় বিঘ্ন। এ ছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কেও সাময়িক সমস্যা দেখা দেয়।
মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে বিমান চলাচল ব্যবস্থার বিপর্যয়ে ১৮ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত হয়।
তবে এসব ঘটনার মধ্যে সমন্বিত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত পরিবর্তনের কারণে পৃথকভাবে এসব বিভ্রাট ঘটেছে।
এদিকে কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হবেন কার্স্টেন এ. ডেভিস, যিনি বর্তমানে ডিফেন্স ডিপার্টমেন্ট এর চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেভিস আপাতত ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। পদটির স্থায়ী নিয়োগের জন্য সেনেটের অনুমোদন প্রয়োজন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এই রদবদলের খবর প্রকাশ করে।
এদিকে ট্রাম্প প্রশাসনের সাইবার নিরাপত্তা অবকাঠামো সংস্থা সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির প্রধান হিসেবে মনোনীত মাইকেল লোসাপিওর নিয়োগ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেনেটের শুনানিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা এবং ২০২০ সালের নির্বাচনের ফল নিয়ে তাঁর বক্তব্য প্রশ্নের মুখে পড়ে।
জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়তে যাওয়ায় নতুন সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের নিয়োগ ও অনুমোদনও ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেয়ার্নক্রসের বিদায়ের মধ্য দিয়ে আমেরিকার সাইবার নিরাপত্তা নীতিনির্ধারণী কাঠামোয় নতুন নেতৃত্বের পরিবর্তন আসছে। একই সময়ে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রযুক্তি ব্যবস্থায় ধারাবাহিক বিভ্রাট প্রশাসনের সাইবার নিরাপত্তা প্রস্তুতি নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
