রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, একজন আগ্রাসী ও হত্যাকারী কখনো কারও বন্ধু হতে পারেন না।
সংবাদমাধ্যম বিবিসিতে শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্প্রতি চীনে এক সম্মেলনে ট্রাম্প পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়েছে। কারণ, পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী।
জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) বন্ধু হতে পারেন না।’ এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অ্যাডলফ হিটলারকে বন্ধু হিসেবে বিবেচনা করার মতোই বিষয়টি।‘
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পুতিনের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি আলোচনার উদ্যোগ এখনো সফল হয়নি।
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে ট্রাম্পের জামাতা ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দায়িত্বে থাকা জ্যারেড কুশনার পুতিনকে রাজনীতির ‘গ্র্যান্ডমাস্টার’ বা অত্যন্ত দক্ষ খেলোয়াড় বলে প্রশংসা করেন। কয়েক সপ্তাহ আগে শান্তি আলোচনায় যুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনকে ‘মানবতাবাদী’ বলেছিলেন।
অন্যদিকে, গত ১৯ নভেম্বর চীনের শেনঝেনে আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন-এপেক সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শুরুর কিছুক্ষণ আগে পুতিনকে দেখে হাসিমুখে বন্ধু সম্বোধন করেন ট্রাম্প, যা বিস্তর আলোচনার জন্ম দেয়।