কলোরাডো বিমানবন্দরে অবতরণের করার সময় রোববার দুটি ছোট বিমানের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, একটি সেসনা ১৭২ এবং একটি এক্সট্রা ফ্লুগজেউগবাউ ইএ৩০০ বিমান ফোর্ট মরগান মিউনিসিপ্যাল এয়ারপোর্টের দিকে এগিয়ে আসার সময় মাঝ আকাশে একে অপরের সাথে ধাক্কা খায়।
এবিসি নিউজ জানায়, কর্তৃপক্ষ স্থানীয় সময় ১০ টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পান।
মরগান কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সেসনা বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে শেষ মুহূর্তে মাঝ আকাশে অপর ছোট বিমানের সাথে সংঘর্ষ ঘটে। দুটি বিমানেই দুজন করে যাত্রী ছিলেন।
সংঘর্ষের পরে বিমান দুটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
মরগান কাউন্টি শেরিফের অফিসের ডেপুটি, ফোর্ট মরগান পুলিশ ডিপার্টমেন্ট, কলোরাডো স্টেইট পেট্রোল, ফোর্ট মরগান ফায়ার ডিপার্টমেন্ট এবং মরগান কাউন্টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।
সেসনার দুই আরোহী সামান্য আহত হন এবং তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে দ্বিতীয় বিমানের একজন আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, মরগান কাউন্টি করোনার অফিস একজন যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি) সংঘর্ষের কারণ তদন্ত করছে। চলমান তদন্তের কারণে বিমান দুটিতে থাকা ব্যক্তিদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
শেরিফের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা নিহতের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে সাহায্যকারী সকল সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এছাড়াও, আমরা সেই নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই যারা ফায়ার ডিপার্টমেন্ট এবং প্রাথমিক উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত আগুন নেভানোর চেষ্টায় সহায়তা করেছেন।’