লং আইল্যান্ডে আইসের ভয়ে স্কুলে অনুপস্থিত ২৫ শতাংশ শিক্ষার্থী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫ ২০২৬, ১২:৩১

আইসের লোগো সংবলিত পোশাকে একজন আইস কর্মকর্তা। ফাইল ছবি

আইসের লোগো সংবলিত পোশাকে একজন আইস কর্মকর্তা। ফাইল ছবি

  • 0

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে হোকুল বলেন, ‘গ্রিনপোর্টে প্রতি ৪জন শিশুর মধ্যে একজন ভয়ে স্কুল যাওয়া বন্ধ করেছে। ‘অভিভাবকদের তাদের সন্তান থেকে আলাদা করা হচ্ছে।'

নিউ ইয়র্ক স্টেইটের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে ইউ এস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিযান বাড়ায় স্কুল বিমুখ হয়েছে সুনির্দিষ্ট একটি স্কুলের ২৫ শতাংশ শিক্ষার্থী।

আইউইটনেস নিউজ জানায়, অভিবাসী কমিউনিটিগুলোতে আইসের অনিয়ন্ত্রিত গ্রেপ্তার বাড়ার পর বুধবার গ্রিনপোর্ট স্কুল ডিস্ট্রিক্টে অনুপস্থিত ছিল ২৫ শতাংশ শিক্ষার্থী।

এমন বাস্তবতায় শিক্ষার্থীদের ভীতি দূর করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল তত্ত্বাবধায়ক জানান, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের বিরতির সময় ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, যেন বহিরাগতের প্রবেশের ফলে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ না করেন।

এর মধ্যে লং আইল্যান্ডের একটি অলাভজনক পরামর্শ প্রতিষ্ঠান আইস কর্তৃক আটক হওয়া ৩ ব্যক্তির ছবি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মুক্ত করে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

লং আইল্যান্ড জুড়ে আইসের কর্মকাণ্ড সম্পর্কে আইউইটনেস নিউজ জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ।

স্টেইটের দ্বীপ এলাকায় চলমান এসব ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে হোকুল বলেন, ‘গ্রিনপোর্টে প্রতি ৪জন শিশুর মধ্যে একজন ভয়ে স্কুল যাওয়া বন্ধ করেছে।

‘অভিভাবকদের তাদের সন্তান থেকে আলাদা করা হচ্ছে। লং আইল্যান্ডের পরিবারগুলোর বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের চিত্র ঠিক এমনই।‘