বিখ্যাত গোয়েন্দা সিরিজ জেমস বন্ড চরিত্রে পরবর্তী সিনেমার জন্য ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিসনকে নির্বাচিত করা হয়েছে। নতুন জেমস বন্ড হিসেবে সোমবার (১৬ নভেম্বর) তার নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।
এর মধ্য দিয়ে জেমস বন্ডের ভূমিকায় সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হলেন ৪০ বছর বয়সী প্যাটিনসন। এর আগে এ চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ।
নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। সিরিজটির ২৬তম সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানিয়া লাপোয়েন্তে।
জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, সিনেমার ইতিহাসে জেমস বন্ড অন্যতম কিংবদন্তিতুল্য চরিত্র। এ চরিত্রে অভিনয়ের দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। এই সুযোগকে স্বপ্নপূরণ বলেও উল্লেখ করেন তিনি।
পরিচালক ডেনিস ভিলনেভ বলেন, প্যাটিনসনের মধ্যে জেমস বন্ডের চিরচেনা বৈশিষ্ট্যের পাশাপাশি নতুন ধরনের অভিনয়শৈলী রয়েছে। তাঁকে নতুন জেমস বন্ড হিসেবে পেয়ে তিনি আনন্দিত।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেন এবং ২০২২ সালের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান তিনি।
১৯৬২ সালে শন কনারি অভিনীত ‘ড. নো’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড সিরিজের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পায় ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘নো টাইম টু ডাই’। ওই সিনেমার মধ্য দিয়ে পাঁচটি ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের পর বিদায় নেন ক্রেইগ।
২০২৫ সালে দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসন জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের কাছে হস্তান্তর করেন। নতুন সিনেমাটি সেই পরিবর্তনের পর সিরিজটির প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে।