Skip to main content

পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকের ব্যাগে ৩২ মরদেহ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ১৯:০৬

অনুসন্ধানকারীরা প্লাস্টিকের একাধিক ব্যাগে দেহের অংশগুলো পান। ছবি: সিবিএস নিউজ

অনুসন্ধানকারীরা প্লাস্টিকের একাধিক ব্যাগে দেহের অংশগুলো পান। ছবি: সিবিএস নিউজ

  • 0

সংঘবদ্ধ অপরাধীরা প্রায়ই গোপন কবরস্থানে তাদের ভুক্তভোগীদের সমাহিত করে।

মেক্সিকোর সহিংসতায় জর্জরিত জুয়ানাজুয়াতো রাজ্যের একটি পরিত্যক্ত বাড়িতে সম্প্রতি ৩২ জন ভুক্তভোগীর খণ্ডিত মরদেহ পাওয়া গেছে বলে সোমবার জানিয়েছেন প্রসিকিউটররা।

রাজ্যের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ইরাপুয়াতো শহরে নিখোঁজ লোকজনের খোঁজে গিয়ে মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়। এর মধ্য থেকে ১৫ জনকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে।

প্রসিকিউটর অফিস জানায়, মরদেহের অংশগুলো ‘টুকরা টুকরা ও জটিল’ অবস্থায় ছিল। এ কারণে শনাক্তের প্রক্রিয়া কঠিন হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, অনুসন্ধানকারীরা প্লাস্টিকের একাধিক ব্যাগে দেহের অংশগুলো পান।

স্বজনদের বিষয়ে খবর বা নতুন তথ্যপ্রমাণ পেতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিখোঁজ লোকজনের স্বজনরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা প্রিয়জনদের খুঁজে পাওয়ার আশা রাখি। অনেক বছর হয়ে গেলেও আমরা এখনও কিছু জানি না। এসব গণকবর পাওয়া গেলে আমরা উপস্থিত থাকতে চাই।’

সংঘবদ্ধ অপরাধীরা প্রায়ই গোপন কবরস্থানে তাদের ভুক্তভোগীদের সমাহিত করে।

মেক্সিকো সরকারের বর্তমান হিসাব অনুযায়ী, দেশটিতে নিখোঁজ লোকজনের সংখ্যা প্রায় এক লাখ ৩২ হাজার।

মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো বর্ধনশীল বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। রাজ্যে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে, তবে গ্যাংগুলোর আধিপত্য বিস্তারকেন্দ্রিক সংঘর্ষের কারণে এটি একই সঙ্গে দেশের সবচেয়ে প্রাণঘাতী রাজ্য।