Skip to main content

২০ বছর কোমায় থাকা সৌদির সেই ‘স্লিপিং প্রিন্সের’ মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ৭:২২ হালনাগাদ: জুন ২ ২০২৬, ১৭:৩১

মারা গেছেন সৌদি আরবের  প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। ছবি: পিইপি

মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। ছবি: পিইপি

  • 0

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর মাত্র ১৫ বছর বয়সে তিনি কোমায় চলে যান। ২০ বছর তিনি কোমায় ছিলেন।

২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত ছিলেন।

২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর মাত্র ১৫ বছর বয়সে তিনি কোমায় চলে যান। এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আল-ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

বাবা প্রিন্স খালেদ বিন তালাল শনিবার গালফ নিউজকে তার মৃত্যুর কথা নিশ্চিত করেন।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু অ্যামেরিকা ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজপরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে।

প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

তার দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

গালফ নিউজ জানায়, সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধৈর্য, বিশ্বাস ও মা-বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল-ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন।