নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের একটি সাবওয়ে প্ল্যাটফর্মে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, নিহত ওই সন্দেহভাজন হলেন অ্যান্থনি গ্রিফেন(৪৪)। মারা যাওয়ার প্লাটফর্মে থাকা তিনজনকে তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন।
এনওয়াইপিডি জানায়, শনিবার সকালে কুইন্সের ভার্নন বুলেভার্ড স্টেশন থেকে ৭ নম্বর ট্রেনে উঠে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে আসেন গ্রিফেন।
সেখানে পৌঁছে তিনি প্রথমে প্ল্যাটফর্মে এক বৃদ্ধ ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। পরে ৪/৫/৬ লাইনের প্ল্যাটফর্মে গিয়ে আরও দুজনকে কুপিয়ে আহত করেন।
হামলার খবর পেয়ে সকাল সাড়ে ৯টার পরপর ঘটনাস্থলে পৌঁছান দায়িত্বরত কর্মকর্তারা। ওই সময় এনওয়াইপিডির দুই গোয়েন্দা এক আহত ব্যক্তিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখেন।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, অভিযুক্ত ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিলেন এবং নিজেকে ‘লুসিফার’ বলে দাবি করছিলেন।
পুলিশ কর্মকর্তারা তাকে একাধিকবার ছুরি ফেলে দিতে নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন এবং ছুরি হাতে তাদের দিকে এগিয়ে যান।
তখন এক গোয়েন্দা সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গেসঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত ৩ ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল।
এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে এনওয়াইপিডি।